Logo

৯৯ দিন রিমান্ডে ছিলাম, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ চাই

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ জুলাই, ২০২৬, ১৫:১৭
৯৯ দিন রিমান্ডে ছিলাম, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ চাই
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলার শুনানিতে আদালতের কাছে আইনজীবীদের সঙ্গে বিশেষ সাক্ষাতের অনুমতি চেয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় তিনি জানান, তার বিরুদ্ধে থাকা ৯৮টি মামলায় মোট ৯৯ দিন রিমান্ডে নেওয়া হয়েছে এবং প্রতিটি মামলার বিচার কার্যক্রম চলমান।

বিজ্ঞাপন

রবিবার (২৬ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলমের আদালতে শুনানির সময় তিনি এসব কথা বলেন।

আদালতের উদ্দেশে পলক বলেন, তার বিরুদ্ধে দায়ের হওয়া ৯৮টি মামলায় ৯৯ দিন রিমান্ড হয়েছে। সব মামলার বিচার চলছে এবং আইসিটি-সংক্রান্ত মামলায় বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্ব চলছে।

তিনি আরও জানান, ঘাড়ে আঘাত পাওয়ায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি হেলমেট ব্যবহার করছেন না। বর্তমানে প্রতি ১৫ দিনে মাত্র আধা ঘণ্টা পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সুযোগ পান। মামলার প্রস্তুতির জন্য আইনজীবীদের সঙ্গে গোপনীয়ভাবে (প্রিভিলেজড কমিউনিকেশন) সাক্ষাতের সুযোগ চেয়ে তিনি প্রতি দুই সপ্তাহে দুই দিন, প্রতিদিন তিন ঘণ্টা করে সাক্ষাতের অনুমতি প্রার্থনা করেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

পলকের আবেদন শুনে আদালত কারাবিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

এদিন একই আদালতে জুলাই আন্দোলনের সময় মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা ছিল। তবে মামলার আসামি সাবেক কাউন্সিলর ফোরকান হোসেনকে আদালতে হাজির করা না হওয়ায় রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করে। আসামিপক্ষও শুনানি পেছানোর আবেদন জানায়।

বিজ্ঞাপন

উভয় পক্ষের আবেদন মঞ্জুর করে আদালত অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১৩ আগস্ট নতুন তারিখ নির্ধারণ করেন।

আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী জানান, মামলার ৩৪ আসামির মধ্যে চারজনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এছাড়া জামিনে থাকা আটজন আদালতে উপস্থিত ছিলেন। বাকি আসামিরা পলাতক রয়েছেন।

মামলার নথি অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন ট্রাকচালক মো. হোসেন। সেদিন তিনি গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হন।

বিজ্ঞাপন

এ ঘটনায় নিহতের মা রীনা বেগম ২০২৪ সালের ৩১ আগস্ট মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে ২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা, মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) আকরামুজ্জামান শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মামলার আসামিদের মধ্যে রয়েছেন শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, জুনাইদ আহমেদ পলকসহ আরও অনেকে। বর্তমানে এ মামলায় জুনাইদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, সাবেক কাউন্সিলর ফোরকান হোসেন এবং শাহজাহান খান কারাগারে রয়েছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD