দুই কাস্টমস কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

আমদানি নিষিদ্ধ পণ্য দেশে আনা এবং পরে তা আত্মসাতের অভিযোগে কাস্টমসের সাবেক দুই কর্মকর্তা ও এক আমদানিকারকের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বিজ্ঞাপন
অভিযুক্ত ব্যক্তিরা হলেন ঢাকা কাস্টম হাউজের সাবেক রাজস্ব কর্মকর্তা আ. রউফ সরকার, মো. হারুন-অর-রশীদ এবং আমদানিকারক মামুন হাওলাদার।
বুধবার (৪ নভেম্বর) দুদকের জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়, সম্প্রতি সংস্থাটির প্রধান কার্যালয় থেকে মামলাটির চার্জশিট অনুমোদন করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ ঘটনায় ২০২৩ সালের ১৯ জুন ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলা দায়ের করা হয়। দুদকের উপপরিচালক সুভাষ চন্দ্র দত্ত বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে মামলাটি করেছিলেন। তবে তদন্তে অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় চারজনকে অব্যাহতি দিয়ে বাকি তিনজনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করা হয়েছে।
মামলাটির তদন্তের দায়িত্বে ছিলেন দুদকের উপসহকারী পরিচালক মো. আসাদুজ্জামান।
বিজ্ঞাপন
অব্যাহতি পাওয়া চারজন হলেন আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের নিয়ন্ত্রক মো. আওলাদ হোসেন, সহকারী নিয়ন্ত্রক মো. মামুন ইফতেখার রহমান, মোছা. ফাতেমা খাতুন এবং উপনিয়ন্ত্রক মনিরুজ্জামান খান।
দুদকের তদন্ত প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্তরা পরস্পরের যোগসাজশে ব্যক্তিগতভাবে অবৈধ সুবিধা নেওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত পণ্য আমদানির সুযোগ করে দেন। আমদানিকারক মামুন হাওলাদার অবৈধভাবে ২ লাখ ১০ হাজার পিস মেমোরি কার্ড দেশে আনেন।
তদন্তে উঠে এসেছে, আমদানি করা মেমোরি কার্ডের ইনভয়েস গোপন করে অল্প সময়ের মধ্যে পণ্যগুলো গণনা ছাড়াই গণনা সম্পন্ন হয়েছে বলে দেখানো হয়। পরে সেগুলো খালাসযোগ্য হিসেবে প্রত্যয়ন করেন সংশ্লিষ্ট কাস্টমস কর্মকর্তারা।
বিজ্ঞাপন
আরও পড়ুন
এ ছাড়া আমদানিকারক আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরে ক্লিয়ারেন্স পারমিটের আবেদন করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা সেই অনুমতিপত্র প্রদান করেন। এ প্রক্রিয়ায় আটক ব্যাগেজে থাকা মেমোরি কার্ড অবৈধভাবে আত্মসাতের অভিযোগও তদন্তে উঠে এসেছে।
বিজ্ঞাপন
দুদকের অনুসন্ধানে অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ সংঘটনের প্রমাণ পাওয়া গেছে বলে জানানো হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই তিনজনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে সংস্থাটি।








