Logo

মোজাফফরকে ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিল ট্রাইব্যুনাল

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ জুলাই, ২০২৬, ১৭:০১
মোজাফফরকে ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিল ট্রাইব্যুনাল
ছবি: সংগৃহীত

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় ফেনীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা একটি মামলায় মেজর (অব.) মোজাফফর হোসেনকে গ্রেপ্তার দেখিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে তদন্ত সংস্থাকে তাকে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতিও দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত তিন সদস্যের বিচারিক বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অন্য দুই সদস্য ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। শুনানিতে তিনি মোজাফফর হোসেনকে মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন জানান। পাশাপাশি তদন্তের স্বার্থে দুই দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি এবং তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য অতিরিক্ত দুই মাস সময় প্রার্থনা করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উভয় পক্ষের বক্তব্য শুনে ট্রাইব্যুনাল মোজাফফর হোসেনকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। একই সঙ্গে তদন্তকারী সংস্থার সুবিধাজনক সময়ে তাকে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়। এছাড়া তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ সেপ্টেম্বর দিন নির্ধারণ করেছেন আদালত।

এর আগে বৃহস্পতিবার সকালে কঠোর নিরাপত্তার মধ্যে মোজাফফর হোসেনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আদালতের কার্যক্রম শেষে তাকে আবারও ঢাকার সেনানিবাসের কারাগারে রাখা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

একই দিনে এই মামলার আরেক আসামি লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকেও ট্রাইব্যুনালে উপস্থিত করা হয়।

বিজ্ঞাপন

প্রসিকিউশনের দাবি, আওয়ামী লীগ সরকারের দীর্ঘ সময়ের শাসনামলে সংঘটিত বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের ঘটনায় মোজাফফর হোসেনের সংশ্লিষ্টতার তথ্য তদন্তে উঠে এসেছে। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের সময় ফেনীতে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল বলে তদন্তে প্রাথমিকভাবে পাওয়া তথ্য আদালতে তুলে ধরা হয়। সেই কারণেই তাকে মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছিল।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে গত ২১ জুলাই রাষ্ট্রপক্ষ মোজাফফর হোসেনকে আদালতে হাজির করার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করে।

মোজাফফর হোসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি হিসেবে দীর্ঘদিন ধরে পরিচিত। প্রায় ৪৫ বছর পলাতক থাকার পর গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে গ্রেপ্তার করেন। পরদিন তাকে ঢাকা সেনানিবাসে মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

সর্বশেষ আদেশের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধের মামলায় তার বিরুদ্ধে তদন্ত কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। এখন তদন্তকারী সংস্থা আদালতের নির্দেশনা অনুযায়ী জিজ্ঞাসাবাদ সম্পন্ন করে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD