Logo

দেশে ফিরলেই শেখ হাসিনাকে জেলে যেতে হবে: চিফ প্রসিকিউটর

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ জুলাই, ২০২৬, ২২:০০
দেশে ফিরলেই শেখ হাসিনাকে জেলে যেতে হবে: চিফ প্রসিকিউটর
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় রয়েছে। ফলে তিনি দেশে ফিরলে আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। রবিবার (১২ জুলাই) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, বাংলাদেশ সরকার তাকে ফেরত আনার জন্য ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। তিনি যদি ভারত সরকারের নিয়ন্ত্রণে থাকেন, তাহলে তার নিজ উদ্যোগে দেশে ফেরার সুযোগ নেই। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হতে পারে, অথবা অন্য কোনো প্রক্রিয়ায় তাকে ফেরত পাঠানো হতে পারে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা এবং তার দলীয় নেতাকর্মীরা একসঙ্গে দেশে ফিরে আত্মসমর্পণ করবেন—এ ধরনের বক্তব্যের বাস্তবভিত্তি নেই। তার ভাষ্য অনুযায়ী, শেখ হাসিনা বর্তমানে স্বাধীনভাবে অবস্থান করছেন না বা আত্মগোপনে নেই। তাই এমন বক্তব্য রাজনৈতিকভাবে দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত রাখা কিংবা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির প্রচেষ্টা ছাড়া অন্য কিছু নয় বলে তিনি মনে করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মৃত্যুদণ্ডের রায়ের পর আপিলের সুযোগ নিয়ে জানতে চাইলে মো. আমিনুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ২১ ধারার ৩ উপধারায় ৩০ দিনের পর আপিল গ্রহণের সুযোগ নেই বলে স্পষ্ট উল্লেখ রয়েছে।

তিনি বলেন, শেখ হাসিনাকে যদি কোনোভাবে বাংলাদেশে আনা যায় বা তিনি দেশে ফিরে আসেন, তাহলে বিদ্যমান মৃত্যুদণ্ডের রায়ের কারণে প্রথমেই তাকে কারাগারে নেওয়া হবে। এরপর তিনি আপিল করতে পারবেন কি না, তা আইনি প্রক্রিয়ায় নির্ধারিত হবে। আপিলের সুযোগ না থাকলে বর্তমান সাজা বহাল থাকবে। আর আপিল গ্রহণযোগ্য হলে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কার্যক্রম চলবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD