হাসিনার বিচার বাস্তবায়ন না হলে আমরা বিএনপির পতন ঘটাবো

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সংস্কার কার্যক্রম ও শেখ হাসিনার বিচার বাস্তবায়িত না হলে বিএনপি সরকারের বিরুদ্ধেও আন্দোলন গড়ে তোলা হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, ভবিষ্যতে ক্ষমতায় গেলে শেখ হাসিনা ও আওয়ামী লীগের অভিযুক্ত নেতাদের বিচার সম্পন্ন করা হবে।
বিজ্ঞাপন
রবিবার (১২ জুলাই) সন্ধ্যায় নওগাঁর পোরশা উপজেলার সারাইগাছী মোড়ে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শেখ হাসিনার বিচার এখনও শেষ হয়নি। আওয়ামী লীগের যেসব নেতা বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন, তাদেরও আইনের আওতায় এনে বিচার সম্পন্ন করা হবে। তিনি বলেন, সংস্কার ও বিচার প্রক্রিয়া বাস্তবায়িত না হলে বিএনপি সরকারের বিরুদ্ধেও তারা আন্দোলনে নামবেন। পাশাপাশি ক্ষমতায় গেলে শেখ হাসিনা ও আওয়ামী লীগের ‘খুনিদের’ ফাঁসির রায় কার্যকর এবং রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়নের কথাও উল্লেখ করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, যারা বিভিন্ন মাধ্যমে বক্তব্য দিচ্ছেন কিংবা মন্ত্রী-এমপি হয়েছেন, তারা যেন সংযত থাকেন। এনসিপি শান্তিপূর্ণ ও সভ্য রাজনৈতিক পরিবেশ চায় উল্লেখ করে তিনি বলেন, কেউ সীমা অতিক্রম করলে কীভাবে মোকাবিলা করতে হয়, তা তাদের জানা আছে। একই সঙ্গে তিনি চাঁদাবাজি ও বিভিন্ন রাজনৈতিক প্রভাবের সমালোচনাও করেন।
সরকারের সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দক্ষিণাঞ্চলের বন্যায় বহু মানুষের প্রাণহানি ঘটলেও দুর্গতদের পাশে দায়িত্বশীলদের যথাযথ উপস্থিতি দেখা যায়নি। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বাস্তবতার মিল নেই বলেও অভিযোগ করেন তিনি। তার ভাষ্য, দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে।
ভারত প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের ষড়যন্ত্র সফল হবে না। দেশের মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ অতীতের বিভিন্ন আন্দোলনে একসঙ্গে অংশ নিয়েছে এবং ভবিষ্যতেও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকবে।
বিজ্ঞাপন
এনসিপির জেলা কমিটির আহ্বায়ক মাহফুজার রহমান চৌধুরীর সভাপতিত্বে কর্মসূচিতে দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, এস এম সাইফ মোস্তাফিজ, জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।








