জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার শোক পালন করবে বিএনপি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার (১৩ জুলাই) ঢাকাসহ সারা দেশে শোক দিবস পালনের ঘোষণা দিয়েছে দলটি। রবিবার (১২ জুলাই) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিজ্ঞাপন
তিনি জানান, শোক দিবস উপলক্ষে দেশের সব দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে। একই সঙ্গে দলের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন। এছাড়া ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের প্রথম জানাজা বাদ জোহর ধানমন্ডির তাকওয়া মসজিদে এবং দ্বিতীয় জানাজা বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের আত্মার মাগফিরাত কামনা করে রুহুল কবির রিজভী বলেন, তিনি ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন এবং দেশের বিভিন্ন অধিকার আদায়ের সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ সংসদ সদস্য ও বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্বকে হারিয়েছে। দেশের রাজনৈতিক অঙ্গনে তার অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে তিনি দেশের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, চট্টগ্রামসহ দেশের বিস্তীর্ণ এলাকা বন্যায় আক্রান্ত হয়েছে। এ পরিস্থিতিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী সর্বস্তরের নেতাকর্মীদের দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে।
সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারি, অধ্যাপক আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের নেতা ডা. জাহিদ হোসেনসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রোববার ভোর ৪টা ১৮ মিনিটে রাজধানীর শ্যামলীর একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।








