Logo

শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচারে না করতে সরকারের অনুরোধ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ জুলাই, ২০২৬, ১২:১১
শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচারে না করতে সরকারের অনুরোধ
ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ধরনের ভাষণ, বিবৃতি, সাক্ষাৎকার বা বক্তব্য গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার বা প্রকাশ থেকে বিরত থাকার জন্য দেশের সব গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছে সরকার। আদালতের নির্দেশনা এবং দেশের প্রচলিত আইন মেনে চলার স্বার্থে এই অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১০ জুলাই) তথ্য অধিদপ্তরের প্রকাশিত এক তথ্যবিবরণীতে এ বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়। এতে দেশের প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

তথ্য অধিদপ্তর জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) ২০২৪ সালের ৫ ডিসেম্বর এক আদেশে ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। সেই বিচারিক নির্দেশনা কার্যকর থাকায় সংশ্লিষ্ট সবাইকে তা অনুসরণ করার আহ্বান জানিয়েছে সরকার।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তথ্যবিবরণীতে বলা হয়েছে, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী আদালতের রায়ে সাজাপ্রাপ্ত এবং পলাতক কোনো ব্যক্তির বক্তব্য, সাক্ষাৎকার, অডিও বা ভিডিও বার্তা গণমাধ্যমে প্রচারের ক্ষেত্রে আইনি বিধিনিষেধ রয়েছে। এ কারণে আদালতের নির্দেশনা এবং আইনগত বাধ্যবাধকতার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার অনুরোধ জানানো হয়েছে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, শেখ হাসিনার যেকোনো ধরনের বক্তব্য—তা সরাসরি সম্প্রচার হোক বা পূর্বে ধারণ করা ভিডিও, অডিও কিংবা লিখিত বিবৃতি—টেলিভিশন, বেতার, সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ বা প্রচার না করার জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

এতে আরও উল্লেখ করা হয়েছে, আদালতের নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করা শুধু আইনি বাধ্যবাধকতাই নয়, বরং আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং বিচারিক প্রক্রিয়ার প্রতি সম্মান প্রদর্শনেরও একটি গুরুত্বপূর্ণ অংশ।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

সরকার আশা প্রকাশ করেছে, দেশের গণমাধ্যম প্রতিষ্ঠান, সংবাদকর্মী, ডিজিটাল কনটেন্ট প্রকাশক, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী এবং সংশ্লিষ্ট সব অংশীজন প্রচলিত আইন ও আদালতের নির্দেশনা মেনে দায়িত্বশীল আচরণ করবেন।

তথ্য অধিদপ্তরের বিবৃতিতে আরও বলা হয়েছে, আইনের শাসন প্রতিষ্ঠা এবং বিচারিক নির্দেশনার প্রতি সম্মান নিশ্চিত করতে সবার সহযোগিতা প্রয়োজন। এ ক্ষেত্রে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা জনস্বার্থ রক্ষা এবং আইন মেনে চলার পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

সরকারের প্রত্যাশা, দেশের সব গণমাধ্যম ও নাগরিক আদালতের নির্দেশনা এবং বিদ্যমান আইনি কাঠামোর প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করবেন এবং সেগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD