Logo

সংসদ ভবনের সামনে ছিনতাইয়ে প্রধান শিক্ষকের মৃত্যু, আসামির জামিন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ অক্টোবর, ২০২৬, ২০:৩৮
সংসদ ভবনের সামনে ছিনতাইয়ে প্রধান শিক্ষকের মৃত্যু, আসামির জামিন
ছবি: সংগৃহীত

রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীদের টানে ব্যাটারিচালিত রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষক রনজিলা পারভিনের মৃত্যুর ঘটনায় করা মামলার এক আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত। জামিন পাওয়া আসামির নাম মো. রাকিব হোসেন (২৪)।

বিজ্ঞাপন

রবিবার (১৮ অক্টোবর) দুপুরে শুনানি শেষে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আয়েশা আক্তার মৌসুমী এ আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী মো. মেহেদী হাসান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনজীবী মেহেদী হাসান জানান, মামলায় পুলিশের প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত রাকিবের জামিন মঞ্জুর করেছেন আদালত। এ জন্য পাঁচ হাজার টাকা মুচলেকা ধার্য করা হয়েছে। আসামির বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় তিনি শিগগির কারামুক্ত হতে পারেন বলে আশা প্রকাশ করেন এই আইনজীবী।

আরও পড়ুন

বিজ্ঞাপন

গত ২৯ আগস্ট ভোরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের সড়কে ছিনতাইকারীদের টানে রাস্তায় পড়ে নিহত হন রনজিলা পারভিন (৫৬)। তিনি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

বিজ্ঞাপন

চিকিৎসার জন্য স্বামীর সঙ্গে ঢাকায় এসেছিলেন রনজিলা। ভোরে কল্যাণপুর বাস টার্মিনালে নেমে ব্যাটারিচালিত রিকশায় করে হাসপাতালে যাওয়ার পথে সংসদ ভবন এলাকায় ছিনতাইয়ের শিকার হন তিনি। মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী তাঁর হাতে থাকা ব্যাগ টান দিলে রিকশা থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় রনজিলার স্বামী আবদুল মতিন বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD