Logo

জুলাই হত্যা মামলায় তৌহিদ আফ্রিদির বাবা নাসির উদ্দিন গ্রেফতার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ অক্টোবর, ২০২৬, ১৭:৫০
জুলাই হত্যা মামলায় তৌহিদ আফ্রিদির বাবা নাসির উদ্দিন গ্রেফতার
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুরে দশম শ্রেণির শিক্ষার্থী মাহফুজুর রহমান হত্যার মামলায় মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন।

নাসির উদ্দিন সাথী কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বাবা। তাঁর আইনজীবীর দেওয়া তথ্য অনুযায়ী, এ নিয়ে মোট পাঁচটি মামলায় তাঁকে গ্রেফতার দেখানো হলো। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও মিরপুর মডেল থানার উপপরিদর্শক আব্দুল ওহিদ গত ১৩ অক্টোবর নাসির উদ্দিন সাথীকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। ওই আবেদনের শুনানির জন্য বৃহস্পতিবার দিন নির্ধারণ করেন আদালত। নির্ধারিত দিনে সাথীকে আদালতে হাজির করা হলে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীরা নিজ নিজ অবস্থান তুলে ধরেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর মো. কামরুজ্জামান স্বপন তদন্ত কর্মকর্তার আবেদনের পক্ষে শুনানি করেন। তিনি আদালতকে বলেন, আন্দোলনের সময় সাথীর টেলিভিশন চ্যানেলে আন্দোলনসংক্রান্ত খবর প্রচার না করে অন্য বিষয় তুলে ধরা হয়েছিল।

বিজ্ঞাপন

তদন্তে এই ঘটনার সঙ্গে সাথীর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলেও দাবি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। এসব যুক্তিতে তাঁকে মামলায় গ্রেফতার দেখানোর আবেদন জানানো হয়।

অন্যদিকে, সাথীকে এ মামলায় গ্রেফতার না দেখানোর পক্ষে শুনানি করেন ঢাকা বারের সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়া। তিনি আদালতকে জানান, সাথী গত বছরের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। এক বছরের বেশি সময় ধরে বন্দি থাকলেও এত দিন তাঁকে এই মামলায় গ্রেফতার দেখানোর প্রয়োজন হয়নি বলে যুক্তি দেন তিনি।

এ ছাড়া সাথী অসুস্থ এবং আওয়ামী লীগে তাঁর কোনো পদ-পদবি নেই বলেও দাবি করেন আসামিপক্ষের আইনজীবী।

বিজ্ঞাপন

আরও পড়ুন

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে আন্দোলনে অংশ নিয়েছিল দশম শ্রেণির শিক্ষার্থী মাহফুজুর রহমান। ওই দিন দুপুরের দিকে গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় গত বছরের ১৪ ফেব্রুয়ারি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা করা হয়।

মামলার তথ্য অনুযায়ী, গত বছরের ১৭ আগস্ট রাজধানীর গুলশান এলাকা থেকে নাসির উদ্দিন সাথীকে গ্রেফতার করে পুলিশ। তাঁর আইনজীবী সোহরাব হোসেন রুবেলের দেওয়া তথ্য অনুসারে, মাহফুজুর রহমান হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আদেশের পর সাথীকে এখন পর্যন্ত মোট পাঁচটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD