সাংবাদিক আলিফ হত্যা মামলায় আসামির এক দিনের রিমান্ড

নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ ফকির হত্যা মামলায় গ্রেপ্তার সাজিবুল ইসলাম ওরফে অপূর্বর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পুলিশের পক্ষ থেকে সাত দিনের রিমান্ড আবেদন করা হলেও আদালত ২৪ ঘণ্টার রিমান্ড মঞ্জুর করেন।
বিজ্ঞাপন
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে দুর্গাপুর আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল আমিন ভূঁইয়া এ আদেশ দেন। দুর্গাপুর জিআরও পুলিশ রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছে। আদেশ অনুযায়ী, সোমবার দুপুর ২টা থেকে মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত আসামিকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে।
এর আগে শনিবার দিবাগত রাতে দুর্গাপুর বাজারের পুরোনো সিনেমা হলের পাশ থেকে সাজিবুল ইসলাম ওরফে অপূর্বকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন রোববার তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানির জন্য সোমবার দিন ধার্য করে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।
গত বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের উৎরাইল এলাকার তেলুনজিয়া গ্রামে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন আলিফ ফকির। সাবেক সেনাসদস্য আলিফ ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামের একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন। ময়নাতদন্তে তার শরীরে ছয়টি গুলির ক্ষত পাওয়া যায়।
বিজ্ঞাপন
এ ঘটনায় নিহতের স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে দুর্গাপুর থানায় হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতপরিচয় ৭ থেকে ৮ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার অপূর্ব এর আগে একটি পুলিশ হত্যা মামলায় ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়া অন্যতম আসামি ছিল। সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে কাজ করছে।








