রাড্ডা ক্লিনিক ভাঙচুরের মামলায় ২ দিনের রিমান্ডে শুটার লেলিন

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও মালামাল লুটের মামলায় ছাত্রদলের সাবেক নেতা আবুল কালাম আজাদ ওরফে ‘শুটার লেলিনের’ দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২০ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, লেলিনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হকের আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ২৫ সেপ্টেম্বর রাত ১২টা ৫ মিনিটের দিকে মিরপুর-১ এলাকায় অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে একদল লোক হ্যামার, লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তারা প্রাচীর টপকে প্রতিষ্ঠানের ভেতরে প্রবেশ করে দুই নৈশপ্রহরী আন্দ্রিয় সরকার (৪৩) ও মো. আব্দুল হাইকে (৬৩) মারধর করে বেঁধে আটকে রাখে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এরপর হামলাকারীরা হ্যামার দিয়ে প্রতিষ্ঠানের প্রধান ফটক ভেঙে একটি ভেকু নিয়ে ভেতরে প্রবেশ করে। একপর্যায়ে প্রতিষ্ঠানের পূর্ব পাশে থাকা প্রায় ২৮ ফুট দীর্ঘ ও ১৫ ফুট প্রস্থের একটি সেমিপাকা ঘর ভেঙে ফেলা হয়। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় দাবি করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, পরিবার পরিকল্পনা সেবা দেওয়ার জন্য ব্যবহৃত আরেকটি সেমিপাকা ঘর ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। এতে ক্ষতির পরিমাণ প্রায় চার লাখ টাকা। এ ছাড়া ক্লিনিক ইনচার্জ, চিকিৎসক ও ডেপুটি ক্লিনিক ইনচার্জের ব্যবহৃত প্রায় ৬০ ফুট দীর্ঘ ও ১৭ ফুট প্রস্থের একটি ঘর, আসবাবপত্র এবং যন্ত্রপাতি ভাঙচুর করা হয়। এ ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
প্রতিষ্ঠানটির প্রায় ১০০ ফুট দীর্ঘ ও ৪০ ফুট প্রস্থের রেজিস্ট্রেশন শাখায়ও ভাঙচুর চালানো হয়। এতে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষতির অভিযোগ করা হয়েছে। পাশাপাশি আল্ট্রাসনোগ্রাম, টিকাদান ও পরীক্ষাগারের কক্ষের পাকা ভবনের দরজা-জানালা ভাঙচুর করা হয়। এতে আরও প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় দাবি করা হয়েছে।
বিজ্ঞাপন
মামলার বিবরণ অনুযায়ী, হামলাকারীরা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ওষুধ ও সামগ্রী, দুটি আল্ট্রাসনোগ্রাম মেশিন, একটি জেনারেটর, দুটি কম্পিউটার, দুটি প্রিন্টার, তিনটি ফ্রিজ, তিনটি শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) এবং তিনটি স্টিলের আলমারি নিয়ে যায়। লুট হওয়া এসব মালামালের আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা।
সব মিলিয়ে পাঁচটি ঘরসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর এবং মালামাল লুটের ঘটনায় প্রায় এক কোটি নয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অভিযোগে আরও বলা হয়েছে, চলে যাওয়ার সময় হামলাকারীরা দুই নৈশপ্রহরীকে ভয়ভীতি দেখিয়ে হুমকি দেয়। এ ছাড়া প্রতিষ্ঠানের জায়গায় একটি দোকানদার সমবায় সমিতির ব্যানার ও সাইনবোর্ড লাগিয়ে যায় তারা।
বিজ্ঞাপন
এ ঘটনায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক চিকিৎসক নাসরিন আখতার শাহ আলী থানায় মামলা করেন। মামলায় মো. হানিফ মিয়াসহ অজ্ঞাতপরিচয় ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ সোমবার ভোরে চট্টগ্রামের মিরসরাই থেকে আবুল কালাম আজাদ ওরফে শুটার লেলিনকে গ্রেপ্তার করে। তিনি শাহ আলী থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক। পুলিশের তালিকায় তিনি ‘শুটার লেলিন’ নামে পরিচিত।








