রাড্ডায় হামলা, জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতি গ্রেপ্তার

রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতি সাজ্জাদ হোসেন মিশু মোল্লাকে (৩৬) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৩ অক্টোবর) মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রাকিব খাঁন।
বিজ্ঞাপন
ডিবির এই কর্মকর্তা জানান, রাড্ডা সেন্টারে ভাঙচুরের ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সাজ্জাদ হোসেন মিশু মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, সাজ্জাদ হোসেন মিশু মোল্লা শাহআলী থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা কমিটির সদস্য। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির নামও আলোচনায় আসে। ১ অক্টোবর তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। সংসদ সচিবালয় পরে তার আসন শূন্য ঘোষণা করে।
বিজ্ঞাপন
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় স্থানীয় বিএনপির কয়েকজনের সম্পৃক্ততার তথ্য সামনে আসে। ২৫ সেপ্টেম্বর রাতে মুখোশধারী ব্যক্তিরা সেখানে হামলা চালিয়ে লুটপাট ও ভাঙচুরের পর স্বাস্থ্যকেন্দ্রটির ভবন গুঁড়িয়ে দেয় বলে অভিযোগ রয়েছে।
ফেরদৌসী আহমেদ মিষ্টি অবশ্য রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে আসছেন।








