Logo

শাপলা চত্বর হত্যা মামলা, শেখ হাসিনাসহ আসামি ৪১

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ জুলাই, ২০২৬, ১৫:৩১
শাপলা চত্বর হত্যা মামলা, শেখ হাসিনাসহ আসামি ৪১
ছবি: সংগৃহীত

২০১৩ সালে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। প্রতিবেদনে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজসহ মোট ৪১ জনকে আসামি করা হয়েছে।

বিজ্ঞাপন

মামলার আসামিদের তালিকায় আরও রয়েছেন একাত্তর টিভির সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু, টেলিভিশনটির সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা এবং সাংবাদিক শাহরিয়ার কবীর। এছাড়া তৎকালীন পুলিশপ্রধান, র‌্যাবের মহাপরিচালক ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারকেও এ মামলায় আসামি করা হয়েছে।

রবিবার (১৯ জুলাই) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তাদের তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে হস্তান্তর করে।

বিষয়টি নিশ্চিত করে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, তদন্ত সংস্থা ইতোমধ্যে প্রতিবেদন জমা দিয়েছে এবং সেটি এখন পর্যালোচনা করা হচ্ছে। আগামী ২১ জুলাই নির্ধারিত সময়েই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। একই সঙ্গে মামলার তদন্তের অগ্রগতি নিয়ে আনুষ্ঠানিক ব্রিফিংও করা হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি আরও জানান, তদন্তে এখন পর্যন্ত শুধু ঢাকায় ৩২ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের কাজ এখনও চূড়ান্ত পর্যায়ে থাকায় নিহতের প্রকৃত সংখ্যা এ মুহূর্তে নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

এদিকে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের মামলার অগ্রগতি জানতে রোববার সকালে সংগঠনটির শীর্ষ নেতাদের একটি প্রতিনিধি দল চিফ প্রসিকিউটরের কার্যালয়ে যায়। সিনিয়র নায়েবে আমির আব্দুল হামিদ (মধুপুর পীর সাহেব)-এর নেতৃত্বে ১০ থেকে ১৫ সদস্যের ওই দলে যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মুফতি হারুন ইজহার, মুফতি মীর ইদ্রিসসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে ১৩ দফা দাবিতে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করে হেফাজতে ইসলাম বাংলাদেশ। দিনব্যাপী উত্তেজনা ও সংঘর্ষের পর গভীর রাতে পুলিশ, র‍্যাব ও বিজিবি যৌথ অভিযান চালিয়ে শাপলা চত্বর খালি করে। ওই অভিযানে বহু মানুষ নিহত হওয়ার অভিযোগে ঘটনাটি বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্তাধীন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD