হাছান-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ

জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামে ওয়াসিমসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
সোমবার (২২ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি হওয়ার কথা রয়েছে।
এর আগে গত ৪ জুন অভিযোগ গঠনের বিষয়ে প্রসিকিউশনের শুনানির দিন নির্ধারিত ছিল। তবে চিকিৎসাধীন এক গ্রেপ্তার আসামিকে আদালতে হাজির করা সম্ভব না হওয়ায় শুনানি পিছিয়ে আজকের দিন ধার্য করা হয়। নির্ধারিত কার্যক্রম অনুযায়ী, প্রথমে অভিযোগ গঠনের পক্ষে যুক্তি উপস্থাপন করবে প্রসিকিউশন। পরে আসামিদের অব্যাহতি চেয়ে শুনানি করবেন তাদের আইনজীবীরা।
বিজ্ঞাপন
মামলায় বর্তমানে গ্রেপ্তার রয়েছেন পাঁচজন। তারা হলেন— চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মো. ফিরোজ এবং দেবাশীষ পাল দেবু।
এ ছাড়া পলাতক আসামিদের মধ্যে রয়েছেন মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীন, রেজাউল করিম, মহিউদ্দিন বাচ্চু, হেলাল আকবর, নুরুল আজিম রনি, শৈবাল দাশ সুমন, আবু ছালেক, এসবারুল হক, এইচ এম মিঠু, নূর মোস্তফা টিনু, জমির উদ্দিন, ইমরান হাসান মাহমুদ, জাকারিয়া দস্তগীর, মহিউদ্দিন ফরহাদ ও সুমন দে।
বিজ্ঞাপন
গত ১৩ মে পলাতক ১৭ আসামির পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। তাদের পক্ষে আইনগত সহায়তা দিচ্ছেন আইনজীবী মো. আমির হোসেন, আবুল হাসান, ইশরাত জাহান ও মোহাম্মদ এনাম।
এর আগে ৭ এপ্রিল তিনটি অভিযোগে ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করেন ট্রাইব্যুনাল-২। আর ৫ এপ্রিল প্রসিকিউশন আদালতে ফরমাল চার্জ দাখিল করে।
মামলার প্রথম অভিযোগে ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুক হত্যার অভিযোগ আনা হয়েছে। দ্বিতীয় অভিযোগে তানভীর সিদ্দিকী, সায়মন ওরফে মাহিম এবং হৃদয় চন্দ্রকে হত্যার দায় উল্লেখ করা হয়েছে। তৃতীয় অভিযোগে জাহিদ হাসান, আবদুল কাদের, আছিয়া খাতুন, সানজিদা সুলতানাসহ শতাধিক ছাত্র-জনতাকে গুরুতর আহত করার বিষয়টি তুলে ধরা হয়েছে।








