Logo

স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিয়ে বিশ্বকাপে কেপ ভার্দের চমক

profile picture
ক্রীড়া ডেস্ক
২২ জুন, ২০২৬, ১১:৪৭
স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিয়ে বিশ্বকাপে কেপ ভার্দের চমক
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের প্রথম অংশগ্রহণেই দারুণ লড়াই উপহার দিচ্ছে আফ্রিকার দেশ কেপ ভার্দে। স্পেনের পর এবার উরুগুয়ের মতো শক্তিশালী দলকেও রুখে দিয়ে আলোচনায় এসেছে দলটি। গ্রুপ ‘এইচ’-এর ম্যাচে উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে কেপ ভার্দে।

বিজ্ঞাপন

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই চমক দেখায় কেপ ভার্দে। ২১ মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে কেভিন পিনার দুর্দান্ত ফ্রি-কিকে এগিয়ে যায় দলটি। এটি ছিল বিশ্বকাপ ইতিহাসে কেপ ভার্দের প্রথম গোল।

তবে বিরতির আগে ঘুরে দাঁড়ায় উরুগুয়ে। ৪৪ মিনিটে ম্যাক্সিমিলিয়ানো আরাউহো সমতা ফেরান। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে আগুস্তিন কানোপিও গোল করে উরুগুয়েকে ২-১ ব্যবধানে এগিয়ে নিয়ে যান।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধে লিড ধরে রাখতে আক্রমণ অব্যাহত রাখে উরুগুয়ে। কিন্তু কেপ ভার্দের দৃঢ় রক্ষণভাগ তাদের আর সুযোগ দেয়নি। উল্টো ৬১ মিনিটে হেলিও ভারেলার গোলে ম্যাচে সমতা ফেরে। এরপর বাকি সময়ে আর কোনো দলই গোলের দেখা পায়নি।

ফলে ২-২ সমতায় শেষ হয় ম্যাচটি। এর আগে প্রথম ম্যাচে স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়েছিল কেপ ভার্দে। ফলে টানা দ্বিতীয় ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে পয়েন্ট তুলে নিয়ে নকআউট পর্বের আশা জিইয়ে রাখল আফ্রিকার দেশটি।

অন্যদিকে, সৌদি আরবের পর কেপ ভার্দের সঙ্গেও ড্র করায় গ্রুপ পর্ব পেরোনোর লড়াই কঠিন হয়ে পড়েছে উরুগুয়ের জন্য।

বিজ্ঞাপন

দুই ম্যাচ শেষে উভয় দলের সংগ্রহ ২ পয়েন্ট। গোল ব্যবধানে এগিয়ে থাকায় উরুগুয়ে রয়েছে দ্বিতীয় স্থানে, আর কেপ ভার্দে তৃতীয়। ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে স্পেন। এখনো পয়েন্টের খাতা খুলতে পারেনি সৌদি আরব।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD