Logo

মারা গেলেন আর্জেন্টাইন ফুটবলার লাউতারো, বিশ্বকাপের মাঝেই শোক

profile picture
ক্রীড়া ডেস্ক
২১ জুন, ২০২৬, ১৯:১৫
মারা গেলেন আর্জেন্টাইন ফুটবলার লাউতারো, বিশ্বকাপের মাঝেই শোক
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের উত্তেজনার মধ্যেই আর্জেন্টিনার ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। স্ট্রোকে আক্রান্ত হয়ে প্রায় ২০ দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন আর্জেন্টিনার ক্লাব কোলন দে সান জাস্তোর তরুণ ফুটবলার লাউতারো ফাজিওলি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২২ বছর।

বিজ্ঞাপন

গত ১ জুন নিজ বাড়িতে হঠাৎ অচেতন হয়ে পড়েন ফাজিওলি। আশ্চর্যের বিষয়, এর আগের দিনই তিনি সান্তা ফে কাপের একটি ম্যাচে মাঠে খেলেছিলেন। পরে দ্রুত তাকে হোসে মারিয়া কালেন হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কোলন দে সান জাস্তো ক্লাব। এক বিবৃতিতে ক্লাব কর্তৃপক্ষ জানায়, প্রথম দলের ফুটবলার লাউতারো ফাজিওলির মৃত্যুতে তারা গভীরভাবে মর্মাহত। একই সঙ্গে তার পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছে ক্লাবটি।

বিজ্ঞাপন

শুধু শোকবার্তাই নয়, ফাজিওলির স্মৃতির প্রতি সম্মান জানিয়ে ক্লাবের সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এর ফলে সান্তা ফে কাপের তৃতীয় রাউন্ডেও অংশ নিচ্ছে না দলটি।

এক কন্যাসন্তানের বাবা ফাজিওলির অসুস্থতা ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। মৃত্যুর কয়েকদিন আগেও তিনি মাঠে স্বাভাবিকভাবেই খেলেছেন। ক্লাবের পরিচালনা পর্ষদের সদস্য হোসে লুইস রেপেতো জানান, ম্যাচের সময় কিংবা তার আগেও ফাজিওলির মধ্যে অসুস্থতার কোনো লক্ষণ দেখা যায়নি। বরং দলের জয়ের পর সতীর্থদের সঙ্গে আনন্দ উদযাপনেও অংশ নিয়েছিলেন তিনি।

বিজ্ঞাপন

এদিকে তরুণ এই ফুটবলারের মৃত্যুতে শোক জানিয়েছে সান্তা ফে ফুটবল লিগও। এক বিবৃতিতে সংগঠনটি জানায়, আর্জেন্টিনার ফুটবল পরিবার একজন প্রতিশ্রুতিশীল খেলোয়াড়কে হারিয়েছে। তার পরিবার, বন্ধু এবং ক্লাবের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়েছে।

মাত্র ২২ বছর বয়সেই থেমে গেল লাউতারো ফাজিওলির ফুটবল ও জীবনের পথচলা। তার অকালপ্রয়াণে শোকাহত আর্জেন্টিনার ফুটবল মহল।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD