Logo

বিশ্বকাপ চলাকালেই মেসিদের দলে যোগ দিচ্ছেন কাসেমিরো!

profile picture
ক্রীড়া ডেস্ক
২১ জুন, ২০২৬, ১৮:১৮
বিশ্বকাপ চলাকালেই মেসিদের দলে যোগ দিচ্ছেন কাসেমিরো!
ছবি: সংগৃহীত

লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, সার্জিও বুসকেতস ও জর্দি আলবাদের নিয়ে তারকাখচিত দল গড়ে তুলেছে ইন্টার মায়ামি। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে আরও একটি বড় নাম। ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরোকে দলে ভেড়ানোর পথে অনেকটাই এগিয়ে গেছে ডেভিড বেকহ্যামের মালিকানাধীন ক্লাবটি।

বিজ্ঞাপন

ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা ফুটবলারকে দলে নিতে ইতোমধ্যে প্রয়োজনীয় সমঝোতায় পৌঁছেছে ইন্টার মায়ামি। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে শিগগিরই যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে যোগ দেবেন তিনি। নির্ভরযোগ্য দলবদল বিশেষজ্ঞ সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এক এক্স বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন।

রোমানোর দাবি, অভিজ্ঞ এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে দলে নেওয়ার ব্যাপারে ইতিমধ্যেই সব ধরনের সমঝোতায় পৌঁছেছে মায়ামি। ফ্রি এজেন্ট হিসেবেই মায়ামিতে যোগ দিচ্ছেন এই সেলেসাও তারকা। সদ্যঃসমাপ্ত ২০২৫-২৬ মৌসুমেও ওল্ড ট্রাফোর্ড কাঁপিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

রেড ডেভিলদের জার্সিতে কাসেমিরোর সাম্প্রতিক ফর্ম ছিল চোখধাঁধানো। কাসেমিরো যেন আরো এক বছর ওল্ড ট্রাফোর্ডে থেকে যান, সে জন্য গ্যালারি থেকে আকুল আবেদন জানিয়েছিলেন ইউনাইটেড সমর্থকরা। গ্যালারিতে সমস্বরে স্লোগান উঠেছিল, ‘আরো একটি বছর, আরো একটি বছর, কাসেমিরো!’ কিন্তু সমর্থকদের সেই আবেগে জল ঢেলে ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডার পাড়ি জমাচ্ছেন দক্ষিণ ফ্লোরিডায়, মেসিদের ড্রেসিংরুমে। সব পক্ষের মধ্যে মৌখিক চুক্তি সম্পন্ন হয়ে গেছে বলেই খবর।

বর্তমানে বিশ্বকাপ খেলতে কাসেমিরো মার্কিন যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন। ব্রাজিলের হয়ে প্রথম দুই ম্যাচে শুরুর একাদশেও ছিলেন তিনি। এ অবস্থায় বিশ্বকাপের মাঝেই তার ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার খবর ফুটবল অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

বিজ্ঞাপন

সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই মেসিদের ড্রেসিংরুমে দেখা যাবে কাসেমিরোকে। এতে ইন্টার মায়ামির তারকাবহুল স্কোয়াড আরও শক্তিশালী হবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD