Logo

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে হাজির মোজাফফর

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ জুলাই, ২০২৬, ১১:৩৪
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে হাজির মোজাফফর
ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে তাকে ট্রাইব্যুনালে আনা হয়।

বিজ্ঞাপন

আজ ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত বলে অভিযোগ ওঠা মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ততার অভিযোগের ভিত্তিতে মোজাফফর হোসেনের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়। সেই আদেশ কার্যকর করেই তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রসিকিউশন জানিয়েছে, মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানোর পাশাপাশি জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আদালতে আবেদন করা হবে। তদন্তের স্বার্থে তার কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহেরও আবেদন জানানো হবে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

এর আগে গত ২১ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মোজাফফর হোসেনের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করে প্রসিকিউশন। আদালত আবেদনটি বিবেচনায় নিয়ে তাকে নির্ধারিত দিনে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন।

উল্লেখ্য, দীর্ঘ প্রায় ৪৫ বছর আত্মগোপনে থাকার পর গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে মেজর (অব.) মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি হিসেবে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

এদিকে, চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের সময় ফেনীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা একটি মামলায় লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য গত ২১ জুলাই দিন ধার্য ছিল। তবে নির্ধারিত দিনে প্রসিকিউশন আরও দুই মাস সময়ের আবেদন জানায়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রসিকিউশনের আবেদনের পরও আদালত নতুন কোনো তারিখ নির্ধারণ করেননি। কারণ, তদন্ত সংশ্লিষ্ট তথ্যে মেজর (অব.) মোজাফফর হোসেনের সঙ্গে মাসুদ উদ্দিন চৌধুরীর সম্ভাব্য যোগসাজশের অভিযোগের বিষয়টি সামনে এসেছে বলে আদালতকে জানানো হয়। এ কারণে বিষয়টি একসঙ্গে পর্যালোচনার প্রয়োজনীয়তা বিবেচনায় রাখা হচ্ছে।

এই প্রেক্ষাপটে লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকেও বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সংশ্লিষ্ট দুই ব্যক্তিকে ঘিরে তদন্তের অগ্রগতি এবং প্রসিকিউশনের আবেদনের ওপর আদালতের সিদ্ধান্তের দিকে নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান এ কার্যক্রমের মাধ্যমে অভিযোগগুলোর তদন্ত, জিজ্ঞাসাবাদ এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আদালতের পরবর্তী আদেশ ও তদন্তের অগ্রগতির ওপর নির্ভর করবে মামলার পরবর্তী কার্যক্রম।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD