প্রকৃত অপরাধীদেরই বিচার নিশ্চিত করবে সরকার: আইনমন্ত্রী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের বিচার রাজনৈতিক উদ্দেশ্যে নয়, বরং প্রকৃত অপরাধীদের বিচারের লক্ষ্যে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ন্যায়বিচার নিশ্চিত করতে পলাতক আসামিদের জন্যও সরকারি খরচে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৭ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের ২০তম দিনের প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীরবিক্রম।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শওকত আরা আক্তারের এক লিখিত প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, ‘ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনালস) রুলস অব প্রসিডিউর, ২০১০’ অনুযায়ী ১৭টি মামলায় ৪৪ জন আইনজীবীকে ‘স্টেট ডিফেন্স লইয়ার’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর মাধ্যমে বিচারপ্রক্রিয়ায় পলাতক আসামিদেরও আইনি সহায়তা নিশ্চিত করা হচ্ছে, যাতে কেবল প্রকৃত অপরাধীরাই বিচারের আওতায় আসে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত গুম, হত্যা এবং মানবতাবিরোধী অপরাধসংক্রান্ত মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ট্রাইব্যুনাল-২ পুনর্গঠন করা হয়েছে। বর্তমানে এসব ট্রাইব্যুনালে নিয়মিত বিচার কার্যক্রম চলছে।
মন্ত্রী আরও জানান, বিচারপ্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে ‘ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনালস) (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২৬’ পাস করা হয়েছে। নতুন আইনের আওতায় জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বিচার কার্যক্রম পর্যবেক্ষণের সুযোগ পাবে।
এ ছাড়া ভার্চুয়াল শুনানি, ডিজিটাল সাক্ষ্যপ্রমাণ গ্রহণ এবং সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে পৃথক বিধান যুক্ত করা হয়েছে বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
আইনমন্ত্রী বলেন, অভিযুক্তদের দ্রুত বিচার পাওয়ার অধিকার এবং আইনজীবীর সঙ্গে একান্তে পরামর্শের সুযোগ নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি বিচার এড়াতে পলাতক হওয়ার প্রবণতা ঠেকাতে ট্রাইব্যুনালকে অভিযুক্ত ব্যক্তির সম্পদ বাজেয়াপ্ত করার ক্ষমতাও দেওয়া হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
৫ আগস্টের পর দায়ের হওয়া মামলাগুলোতে রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, সরকার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনতে প্রতিশ্রুতিবদ্ধ।








