বিএনপির নারী এমপি বীথিকাকে আইনি নোটিশ দিলেন আসিফ মাহমুদ

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইনের বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে আইনি নোটিশ পাঠিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (৬ আগস্ট) নিজের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছেন আসিফ মাহমুদ।
বিজ্ঞাপন
বিবৃতিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই বিভিন্ন মহল রাজনৈতিক স্বার্থে আন্দোলনের নেতাদের বিরুদ্ধে অপপ্রচার ও চরিত্রহননের চেষ্টা চালিয়ে আসছে। গত দুই বছর ধরে নানা ধরনের অপবাদ ও প্রচারণার শিকার হয়েছেন বলে দাবি করেন আসিফ মাহমুদ। তবে এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ বা প্রমাণ উপস্থাপন করা হয়নি বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, কয়েক দিন আগে একটি অনুষ্ঠানে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন অভিযোগ করেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদস্য হওয়ার জন্য তার কাছে আসিফ মাহমুদ ৩ কোটি টাকা দাবি করেছেন।
অভিযোগটি প্রকাশ্যে আসার পর আসিফ মাহমুদের পক্ষ থেকে একাধিকবার বীথিকা বিনতে হোসাইনের সঙ্গে যোগাযোগ করে অভিযোগের পক্ষে প্রমাণ এবং কার কাছে, কার মাধ্যমে অর্থ দাবি করা হয়েছিল—এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য জানতে চাওয়া হয়। তবে একাধিকবার তথ্য দেওয়ার কথা বললেও তিনি কোনো প্রমাণ বা বিস্তারিত তথ্য দেননি বলে বিবৃতিতে দাবি করা হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিবৃতিতে আরও বলা হয়, বারবার যোগাযোগের পর বীথিকা বিনতে হোসাইন ‘আমাকে তো এমনটাই বলা হয়েছে’ বলে জানান। পরে তথ্য দেওয়ার কথা বললেও একপর্যায়ে যোগাযোগ বন্ধ করে দেন। এর ফলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে চরিত্রহননের উদ্দেশ্যে ওই বক্তব্য দেওয়া হয়েছে বলে মনে করছেন আসিফ মাহমুদ।
এ অবস্থায় বীথিকা বিনতে হোসাইনের কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে বলে জানান আসিফ মাহমুদ। নোটিশে আগামী সাত দিনের মধ্যে অভিযোগের পক্ষে প্রমাণ উপস্থাপনের আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞাপন
নির্ধারিত সময়ের মধ্যে প্রমাণ উপস্থাপন করতে না পারলে বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। অন্যথায় প্রচলিত আইনে মানহানির অভিযোগে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন আসিফ মাহমুদ।
বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের অপপ্রচার শুধু আসিফ মাহমুদের বিরুদ্ধে নয়, বরং জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব, চেতনা ও অর্জনকে প্রশ্নবিদ্ধ করার একটি পরিকল্পিত প্রচেষ্টা। জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের আরও অনেকেই একই ধরনের অপপ্রচার ও মিথ্যাচারের শিকার হয়েছেন বলে দাবি করা হয়।
আসিফ মাহমুদ বলেন, এখন থেকে মিথ্যাচার, অপপ্রচার ও চরিত্রহননের প্রতিটি প্রচেষ্টার জবাব আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেওয়া হবে।








