Logo

আজ দায়িত্ব থেকে বিদায় নিচ্ছি, তবে ছাত্রদল থেকে নয়

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ আগস্ট, ২০২৬, ১৫:৪১
আজ দায়িত্ব থেকে বিদায় নিচ্ছি, তবে ছাত্রদল থেকে নয়
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তবে পদ ছাড়লেও ছাত্রদলের সঙ্গে তার সম্পর্ক ও রাজনৈতিক সম্পৃক্ততা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি। শুক্রবার (১৪ আগস্ট) বেলা ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে নাছির নিজেই এ ঘোষণা দেন।

বিজ্ঞাপন

নাছির জানান, ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে শুক্রবারই তার দায়িত্ব পালনের শেষ দিন। দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক পথচলা এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি সহযোদ্ধা, দলীয় নেতাকর্মী ও পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিদায়ী বার্তায় নাছির বলেন, দায়িত্ব থেকে বিদায় নিলেও ছাত্রদল থেকে বিদায় নিচ্ছেন না। পদ থেকে সরে যাওয়া সম্ভব হলেও আদর্শ, ভালোবাসা ও সহযোদ্ধাদের কাছ থেকে বিদায় নেওয়া যায় না বলেও উল্লেখ করেন তিনি।

নিজের রাজনৈতিক জীবনের শুরু ওয়ান-ইলেভেনের কঠিন সময়ে উল্লেখ করে নাছির বলেন, এরপর দীর্ঘ সময় ধরে সংগ্রাম, ত্যাগ, নির্যাতন, গুম ও হত্যার মতো কঠিন বাস্তবতার মধ্য দিয়ে তাকে রাজনীতিতে পথ চলতে হয়েছে। এ সময়ে গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া নেতাকর্মীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।

বিজ্ঞাপন

২০২৪ সালের ১ মার্চ রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি এবং নাছির উদ্দিন নাছিরকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। দায়িত্ব নেওয়ার পর জুলাই-আগস্টের আন্দোলনকে নিজের রাজনৈতিক জীবনের অন্যতম কঠিন অধ্যায় হিসেবে উল্লেখ করেছেন নাছির।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি বলেন, ওই সময় ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথে সক্রিয় রাখা, তাদের সাহস জোগানো এবং সংগঠনের বিভিন্ন পর্যায়কে আন্দোলনের সঙ্গে যুক্ত রাখা ছিল বড় চ্যালেঞ্জ। একই সঙ্গে আন্দোলনে ছাত্রদলের অসংখ্য নেতাকর্মীর ভূমিকার কথাও তুলে ধরেন তিনি।

বিজ্ঞাপন

জুলাই-আগস্টের আন্দোলনের সময় নাহিদ, আসিফ, হাসনাত, সারজিস, কাদের, মাহিন, রিফাত রশিদ ও হান্নান মাসুদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথাও উল্লেখ করেন নাছির। সংকটময় সময়ে যারা একসঙ্গে কাজ করেছেন, ইতিহাসের বিচারে তাদের সহযোগিতার গুরুত্ব অনেক বলেও মন্তব্য করেন তিনি।

আন্দোলনের পর নোয়াখালী-ফেনী অঞ্চলে বন্যার সময় ত্রাণ কার্যক্রমে অংশ নেওয়ার বিষয়টিও তুলে ধরেছেন নাছির। তিনি জানান, খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে ফেনীতে গিয়ে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছিলেন।

নিজের দায়িত্বকালে ছাত্রদলের দুই হাজারের বেশি সাংগঠনিক কমিটি গঠনের কথা জানিয়ে নাছির বলেন, এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়; সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। তবে কয়েকটি কমিটি সম্পন্ন করতে না পারায় আক্ষেপ রয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

ছাত্রসংসদ নির্বাচনে প্রত্যাশিত ফল অর্জন করতে না পারাকে নিজের দায়িত্বকালের অন্যতম অপূর্ণতা হিসেবে উল্লেখ করেন নাছির। তার মতে, এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে ছাত্রদল আরও শক্তিশালী, গ্রহণযোগ্য ও সুসংগঠিত হতে পারবে।

বিদায়ী বার্তায় নতুন নেতৃত্বের প্রতি আস্থা জানিয়ে নাছির বলেন, ভবিষ্যতে যারা ছাত্রদলের নেতৃত্বে আসবেন, প্রয়োজন হলে তিনি আগের মতোই তাদের পাশে থাকবেন।

নিজের দায়িত্ব পালনের সময়ে কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে সহযোদ্ধাদের কাছে ক্ষমা চেয়ে নাছির বলেন, ছাত্রদলের স্বার্থের বাইরে গিয়ে কাজ করার ইচ্ছা তার কখনো ছিল না।

বিজ্ঞাপন

শেষে তিনি জানান, একটি দায়িত্ব থেকে বিদায় নিলেও সম্পর্ক, সংগ্রাম ও আদর্শ থেকে তার বিদায় নয়। ভবিষ্যতে অন্য কোনো প্ল্যাটফর্ম, দায়িত্ব কিংবা সময়ে আবার দেখা হবে বলেও মন্তব্য করেন তিনি।

দীর্ঘ রাজনৈতিক জীবনে পাশে থাকা পরিবার, বন্ধু, সাংবাদিক এবং ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নাছির বাংলাদেশের গণতন্ত্র আরও শক্তিশালী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD