ছাত্রদলের নতুন কমিটিতে শেষ মুহূর্তের আলোচনায় ৩ নেতা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠনের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। সংগঠনের নতুন নেতৃত্ব নির্ধারণে বিএনপির শীর্ষ পর্যায়ে আলোচনা চলছে। মেধা, সাংগঠনিক সক্ষমতা, দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামে ভূমিকার পাশাপাশি ২০২৪ সালের জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে সক্রিয়তার বিষয়টিও গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
বিজ্ঞাপন
নতুন কমিটি গঠনের ক্ষেত্রে এখন বিএনপির শীর্ষ নেতৃত্বের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা রয়েছে। শেষ মুহূর্তের আলোচনায় কেন্দ্রীয় ছাত্রদলের শীর্ষ পদগুলোর জন্য তিন নেতার নাম বিশেষভাবে সামনে এসেছে। তারা হলেন মো. আমানউল্লাহ আমান, মমিনুল ইসলাম জিসান ও শেখ তানভীর বারী হামিম।
সভাপতি পদে আলোচনায় আমান ও জিসান
সভাপতি পদে মো. আমানউল্লাহ আমানের নাম জোরালোভাবে আলোচনায় রয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সদস্যসচিব এবং বর্তমানে কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
দলীয় রাজনীতিতে দীর্ঘদিনের সক্রিয়তার পাশাপাশি বিভিন্ন আন্দোলন-কর্মসূচিতে তার অংশগ্রহণ নতুন নেতৃত্ব নির্বাচনের আলোচনায় তাকে এগিয়ে রেখেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বিশেষ করে জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে রাজপথে তার সক্রিয়তার বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে।
সভাপতি পদে মমিনুল ইসলাম জিসানের নামও রয়েছে আলোচনার শীর্ষে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী ছাত্রদলের বিদায়ী কেন্দ্রীয় কমিটিতে ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ওয়ার্ড পর্যায় থেকে ছাত্ররাজনীতিতে যুক্ত হয়ে তিনি ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রীয় ছাত্রদলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি তিনি একাধিকবার গ্রেপ্তার ও কারাবরণের মুখোমুখি হয়েছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
বিজ্ঞাপন
এ ছাড়া সভাপতি পদে কেন্দ্রীয় ছাত্রদলের বর্তমান জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুমের নামও আলোচনায় রয়েছে। পাশাপাশি খোরশেদ আলম সোহেল, মঞ্জুরুল আলম রিয়াদ, রিয়াদ রহমান, সাফি ইসলাম, এজাজুল কবির রুয়েল, মোস্তাফিজুর রহমান, আরিফুল ইসলাম আরিফ, শরীফ প্রধান শুভ, ফারুক হোসেন, ডা. তৌহিদুর রহমান আউয়াল, কাজী জিয়া উদ্দিন বাসিত ও সালেহ মোহাম্মদ আদনানের নামও বিভিন্ন পর্যায়ে আলোচনায় এসেছে।
সাধারণ সম্পাদক পদে তানভীর বারী হামিম
সাধারণ সম্পাদক পদে সবচেয়ে বেশি আলোচিত নামগুলোর একটি শেখ তানভীর বারী হামিম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিজ্ঞাপন
২০২৫ সালের ডাকসু নির্বাচনে জিএস পদে প্রার্থী হয়ে তিনি আলোচনায় আসেন। এর আগে ও পরে বিভিন্ন ছাত্র আন্দোলন ও সাংগঠনিক কর্মসূচিতে তার সক্রিয় উপস্থিতি ছিল বলে সংগঠনের নেতারা জানিয়েছেন।
বিশেষ করে জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থীদের সংগঠিত করার ক্ষেত্রে তার ভূমিকার কথা তুলে ধরছেন সমর্থকেরা। তৃণমূল পর্যায় থেকে উঠে আসা এই নেতার সাংগঠনিক সক্ষমতা ও শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগের বিষয়টিও সাধারণ সম্পাদক পদে বিবেচনায় রয়েছে বলে জানা গেছে।
তবে সাধারণ সম্পাদক পদে তানভীর বারী হামিমের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারিক, সহসভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক ও মাসুম বিল্লাহর নামও আলোচনায় রয়েছে।
বিজ্ঞাপন
এ ছাড়া রাজু আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্স, শামীম আখতার শুভ, গাজী সাদ্দাম হোসেন, ইব্রাহিম খলিল ও তারেক হাসান মামুনের নামও সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে।
জুলাই আন্দোলনের ভূমিকা গুরুত্ব পাচ্ছে
বিএনপির সংশ্লিষ্ট নেতাদের ভাষ্য অনুযায়ী, নতুন কমিটি গঠনের ক্ষেত্রে কয়েকটি বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে সক্রিয় ভূমিকা, শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্যতা, সাংগঠনিক দক্ষতা এবং প্রতিকূল পরিস্থিতিতে সংগঠন পরিচালনার সক্ষমতা।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
দলটির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাও দীর্ঘদিন পর নতুন কেন্দ্রীয় নেতৃত্ব পাওয়ার অপেক্ষায় রয়েছেন। তাদের প্রত্যাশা, আন্দোলন-সংগ্রামে সক্রিয় এবং সাংগঠনিকভাবে দক্ষ নেতাদের হাতে ছাত্রদলের নেতৃত্ব তুলে দেওয়া হবে।
বিদায়ী বার্তা দিয়েছেন বর্তমান নেতৃত্ব
নতুন কমিটি গঠনের আলোচনা জোরালো হওয়ার মধ্যেই ছাত্রদলের বর্তমান সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বিদায়ী বার্তা দিয়েছেন।
বিজ্ঞাপন
গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পৃথক পোস্টে তারা দায়িত্ব পালনের শেষদিনের কথা উল্লেখ করেন। এর আগে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক কার্যালয়ে ছাত্রদলের শীর্ষ পাঁচ নেতার সঙ্গে তার বিদায়ী সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
২০২৪ সালের ১ মার্চ রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি এবং নাছির উদ্দীন নাছিরকে সাধারণ সম্পাদক করে বর্তমান কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছিল। এবার সেই কমিটির মেয়াদ শেষ হওয়ার পর নতুন নেতৃত্ব গঠনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
নতুন কমিটির আনুষ্ঠানিক ঘোষণা কবে আসবে, তা এখনো নিশ্চিত নয়। তবে সব আনুষ্ঠানিকতা শেষ করে খুব শিগগিরই নতুন কেন্দ্রীয় নেতৃত্বের নাম ঘোষণা হতে পারে বলে সংশ্লিষ্টদের ধারণা।








