আমরা ছাত্র হিসেবে এখানে আসি নাই: বিরোধীদলীয় নেতা

জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দেওয়া একটি বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তা কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীকে দুঃখ প্রকাশের আহ্বান জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হলে বিরোধীদলীয় নেতা এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার বীর বিক্রম মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
ঘটনার সূত্রপাত কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর একটি প্রশ্নকে ঘিরে। প্রশ্নটি বুঝতে না পেরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘স্পিকার, এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা হলো বুঝতে পারিনি।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের পর সংসদে হট্টগোল শুরু হয়। বিরোধীদলের সদস্যরা তাঁর মন্তব্য সংসদের কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করার দাবি জানান।
বিজ্ঞাপন
এরপর বক্তব্য দিতে গিয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করেন। তিনি বলেন, ‘আমার বক্তব্যে যদি এভাবে কমেন্টস করা হয়, তবে আমার বক্তব্য দেওয়ার দরকার নাই।’
তিনি অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের শুরু থেকেই তুচ্ছতাচ্ছিল্যপূর্ণ বক্তব্য দিয়ে আসছেন। তাঁর ভাষায়, ‘উনি (স্বরাষ্ট্রমন্ত্রী) নিজেকে কী মনে করেন।’
ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘তিনি শুরু থেকেই সংসদে দুঃশাসন দেখিয়েছেন। তিনি শুরু থেকেই তুচ্ছতাচ্ছিল্য করে বক্তব্য দেন। আমরা তার ছাত্র হিসেবে এখানে আসি নাই।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘উনি শিক্ষক হলে তিনি ইউনিভার্সিটি খুলুন, সেখানে উনি বক্তব্য দিতে পারবেন।’
এ ধরনের আচরণকে ‘ফ্যাসিবাদের সংস্কৃতি’ আখ্যা দিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমি দায়িত্ব নিয়ে বলছি উনাকে দুঃখ প্রকাশ করতে হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তেজনার পর সংসদে বক্তব্য দেওয়ার পরিবেশ ও সদস্যদের পারস্পরিক আচরণ নিয়ে স্পিকারও সতর্ক করেন। তিনি সংসদীয় বিধি মেনে অধিবেশন পরিচালনায় সহযোগিতা করার জন্য উভয় পক্ষের সদস্যদের প্রতি আহ্বান জানান।








