দুর্ঘটনার কবলে বহনকারী মাইক্রোবাস, অক্ষত মহিবুল্লাহ বাবুনগরী

চট্টগ্রাম থেকে নোয়াখালী যাওয়ার পথে মিরসরাইয়ের বারইয়ারহাটে দুর্ঘটনার কবলে পড়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মহিব্বুল্লাহ বাবুনগরীকে বহনকারী মাইক্রোবাস। তবে দুর্ঘটনায় তিনি ও তাঁর সফরসঙ্গীরা কেউ আহত হননি।
বিজ্ঞাপন
বুধবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট এলাকায় এ ঘটনা ঘটে। একটি ঢাকাগামী বাস পেছন থেকে মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে গাড়িটির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার খবর পেয়ে হেফাজতে ইসলাম ফেনী জেলা শাখার নেতারা ঘটনাস্থল ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেন। পরে ফেনীর মহিপাল এলাকায় স্থানীয় প্রশাসন, বাস মালিক সমিতি ও স্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা করা হয় বলে সংগঠনটির নেতারা জানান।
ফেনী জেলা হেফাজতে ইসলামের সহপ্রচার সম্পাদক মাওলানা আজিজুল্লাহ আহমদী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাঁরা মহিপালে যান। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে মহিব্বুল্লাহ বাবুনগরীকে অন্য একটি গাড়িতে করে নোয়াখালীর উদ্দেশে পাঠানো হয়।
বিজ্ঞাপন
দুর্ঘটনায় মাইক্রোবাসটির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও এতে থাকা হেফাজত আমির ও তাঁর সফরসঙ্গীরা নিরাপদে ছিলেন।







