মক্কা-মদিনার নিরাপত্তা রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: চরমোনাই পীর

মক্কা ও মদিনার নিরাপত্তাকে সব ধরনের রাজনৈতিক বিরোধ ও সংঘাতের বাইরে রাখার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
বিজ্ঞাপন
বুধবার (১৬ সেপ্টেম্বর) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, হারামাইন শরিফাইন—মক্কা ও মদিনা—বিশ্বের শতকোটি মুসলমানের হৃদয়ের সঙ্গে জড়িত। তাই এই দুই পবিত্র নগরীর নিরাপত্তা কোনো রাষ্ট্রীয় বা রাজনৈতিক বিরোধের অংশ হওয়া উচিত নয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
মক্কা ও মদিনার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে চরমোনাই পীর বলেন, মঙ্গলবার পবিত্র দুই নগরীতে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠার ঘটনায় মুসলিম বিশ্বে উদ্বেগ তৈরি হয়েছে। তাঁর ভাষায়, হারামাইন মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর নিরাপত্তা নিয়ে কোনো ধরনের ঝুঁকি গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, হুতিদের পক্ষ থেকে মক্কা ও মদিনার নিরাপত্তার জন্য কোনো হুমকি সৃষ্টি না করার বার্তা পাওয়া গেছে। এই অবস্থান ভবিষ্যতেও বজায় রাখার আহ্বান জানান তিনি।
বিজ্ঞাপন
সৌদি সরকারের প্রতিও আহ্বান জানিয়ে মুফতি রেজাউল করীম বলেন, ইসলামের প্রধান দুই পবিত্র স্থানের রক্ষণাবেক্ষণের দায়িত্ব সৌদি সরকার পালন করছে। তাই এমন কোনো রাজনৈতিক সংঘাত বা বিরোধে জড়ানো উচিত নয়, যার কারণে মক্কা ও মদিনার নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, হারামাইনসহ জাজিরাতুল আরবের মর্যাদা ও পবিত্রতা রক্ষা করাও সৌদি সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
বিবৃতিতে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে হারামাইনের নিরাপত্তার বিষয়ে সংহতি প্রকাশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, মক্কা-মদিনার নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশের জনগণ সৌদি আরবের পাশে থাকবে।







