Logo

মক্কার কাছে ড্রোন, সংযমের আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:৫৫
মক্কার কাছে ড্রোন, সংযমের আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে একটি ড্রোন প্রতিহত করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। একই সঙ্গে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়তে পারে—এমন কর্মকাণ্ড এড়িয়ে সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে আনোয়ার ইব্রাহিম মক্কার কাছে ড্রোন প্রতিহতের খবরকে ‘গভীর উদ্বেগের’ সঙ্গে দেখার কথা জানান।

তিনি বলেন, ইসলামের পবিত্রতম শহর মক্কার নিরাপত্তা ও পবিত্রতার জন্য যেকোনো ধরনের হুমকি গ্রহণযোগ্য নয়। মক্কার বাসিন্দা ও হজযাত্রীদের নিরাপত্তায় দ্রুত পদক্ষেপ নেওয়ায় সৌদি আরবের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, এ ঘটনা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও ছড়িয়ে পড়া ঠেকানোর প্রয়োজনীয়তা আবারও সামনে এনেছে। বেসামরিক স্থাপনায় হামলা এবং পবিত্র স্থানগুলোর নিরাপত্তা হুমকির মুখে ফেলতে পারে—এমন কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

আনোয়ার ইব্রাহিম সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়ে বলেন, দেরি না করে সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের পথে এগিয়ে যাওয়া উচিত।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে বুধবার সৌদি নেতৃত্বাধীন জোট দাবি করে, ইয়েমেনের হুতি গোষ্ঠীর ছোড়া একটি ড্রোন মক্কার কাছে সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শনাক্ত করে ধ্বংস করেছে। তবে ড্রোনটি উৎক্ষেপণের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে হুতিরা।

বিজ্ঞাপন

জোটের মুখপাত্র তুরকি আল-মালকি জানান, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে ড্রোনটি শনাক্ত করা হয়। মক্কার নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই সেটি ধ্বংস করা হয় বলে দাবি করেন তিনি। পরে ড্রোনটির ধ্বংসাবশেষ মক্কার দক্ষিণে গিয়ে পড়ে বলে জানান আল-মালকি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD