সৌদি আরবের এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করল হুথিরা

ইয়েমেনের মারিব প্রদেশের আকাশে সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে হুথি বিদ্রোহীরা। বুধবার (১৬ সেপ্টেম্বর) হুথিদের সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারে এ দাবি করেন। তবে সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে যুদ্ধবিমানটি ভূপাতিত হওয়ার খবর নিশ্চিত করেনি।
বিজ্ঞাপন
ইয়াহিয়া সারের ভাষ্য, মারিবের আকাশসীমায় সামরিক অভিযান চালানোর সময় সৌদি যুদ্ধবিমানটিকে স্থানীয়ভাবে তৈরি একটি ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয়। হুথিদের দাবি অনুযায়ী, যুদ্ধবিমানটি ভূপাতিত হওয়ার পর আরও কয়েকটি সৌদি এফ-১৫ ও টাইফুন যুদ্ধবিমান ঘটনাস্থলে আসে। হুথিরা সেগুলোকেও লক্ষ্যবস্তু করলে সেগুলো সরে যেতে বাধ্য হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
হুথি মুখপাত্র আরও দাবি করেন, সাম্প্রতিক সময়ে ইয়েমেনের বিভিন্ন এলাকায় সৌদি নেতৃত্বাধীন বাহিনী ৪৫০টির বেশি বিমান হামলা চালিয়েছে। এসব হামলার জবাবেই হুথিরা সৌদি সামরিক ও জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে বলে জানান তিনি।
বিজ্ঞাপন
এদিকে, সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, মঙ্গলবার মক্কার দক্ষিণে হুথিদের একটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকির দাবি, ড্রোনটি মক্কার নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই ধ্বংস করা হয়। হুথিরা অবশ্য মক্কাকে লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছে।
সাম্প্রতিক সময়ে ইয়েমেনের হুথি ও সৌদি-সমর্থিত বাহিনীর মধ্যে সংঘাত আবারও বেড়েছে। এ পরিস্থিতিতে সৌদি ভূখণ্ডে হুথিদের হামলা এবং ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন বাহিনীর বিমান হামলা—দুই পক্ষের সামরিক তৎপরতাই বাড়ছে।
তবে সৌদি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার হুথিদের দাবিটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।








