Logo

পবিত্র শহর মক্কায় ড্রোন ছুড়ল হুথিরা, আকাশেই ধ্বংস করল সৌদি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৫
পবিত্র শহর মক্কায় ড্রোন ছুড়ল হুথিরা, আকাশেই ধ্বংস করল সৌদি
ছবি: সংগৃহীত

পবিত্র নগরী মক্কার দিকে ছোড়া একটি ড্রোন নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই ধ্বংস করার দাবি করেছে সৌদি আরব। দেশটির নেতৃত্বাধীন ইয়েমেনবিষয়ক সামরিক জোটের মুখপাত্র তুরকি আল-মালকি জানিয়েছেন, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় মক্কার দক্ষিণে ড্রোনটি শনাক্ত করে সৌদি আকাশ প্রতিরক্ষা বাহিনী।

বিজ্ঞাপন

সৌদি জোটের ভাষ্য অনুযায়ী, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে মক্কার দক্ষিণাঞ্চলে একটি শত্রু ড্রোন শনাক্ত করা হয়। পরে সেটিকে প্রতিহত ও ধ্বংস করা হয়। ড্রোনটি মক্কার ওপর নির্ধারিত নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশ করতে পারেনি।

তুরকি আল-মালকি বলেন, পবিত্র দুই মসজিদ এবং সেখানে আগত মুসল্লিদের নিরাপত্তা সৌদি আরবের জন্য ‘রেড লাইন’। প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়েও সতর্ক করেন তিনি।

সৌদি জোটের মুখপাত্রের দাবি, মক্কাকে লক্ষ্য করে হুথিদের এটি দ্বিতীয় হামলার চেষ্টা। এর আগে ২০১৭ সালের ২৭ জুলাই মক্কা অভিমুখে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটেছিল বলে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে। ওই ক্ষেপণাস্ত্রও লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ধ্বংস করা হয়েছিল।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তবে মক্কাকে লক্ষ্য করে হামলার অভিযোগ সরাসরি অস্বীকার করেছে হুথি গোষ্ঠী। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, মক্কা কিংবা অন্য কোনো ইসলামি পবিত্র স্থানে হামলার হুমকি দেওয়ার যে অভিযোগ করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ফলে ড্রোনটির প্রকৃত লক্ষ্য কী ছিল, সে বিষয়ে দুই পক্ষের বক্তব্যে স্পষ্ট বিরোধ রয়েছে।

এর আগে সোমবার (১৪ সেপ্টেম্বর) সৌদি আরবের খামিস মুশাইত, আবহা ও তাইফে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর পাওয়া যায়। এসব হামলায় ১৩ জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

সৌদি আরব ও ইয়েমেনের হুথিদের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে। ২০১৪ সালে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর হুথিরা রাজধানী সানা দখল করে। এর পরের বছর সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট হুথিদের বিরুদ্ধে ইয়েমেনে অভিযান শুরু করে।

২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় সৌদি আরব ও হুথিদের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে ইয়েমেন ও সৌদি আরবকে ঘিরে আবারও সামরিক উত্তেজনা বেড়েছে। নতুন করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় সেই উত্তেজনা আরও তীব্র হয়েছে।

সূত্র : আলজাজিরা, আনাদোলু এজেন্সি

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD