হুথি মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব

হুথি বাহিনীর সঙ্গে চলমান সংঘাত ও হামলার প্রেক্ষাপটে ইসরায়েলের কাছ থেকে গোয়েন্দা সহায়তা নেওয়ার উদ্যোগ নিয়েছে সৌদি আরব। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) মধ্যস্থতায় সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে এ বিষয়ে আলোচনা হয়েছে বলে ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।
বিজ্ঞাপন
দ্য জেরুজালেম পোস্টের বরাতে জানা গেছে, মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) মধ্যস্থতায় সৌদি আরব ও ইসরায়েল গোয়েন্দা সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনায় বসেছে। সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের সঙ্গে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বৈঠকের পর এই আলোচনার পথ উন্মুক্ত হয়।
এই সহযোগিতার মূল উদ্দেশ্য হলো রিয়াদকে হুথি বাহিনীর সামরিক মোতায়েন এবং সম্ভাব্য পরবর্তী পদক্ষেপ সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া। ইরান সমর্থিত হুথিরা সম্প্রতি তেল পাইপলাইন ও পাম্পিং স্টেশনসহ সৌদি আরবের জ্বালানি অবকাঠামো ও সীমান্ত এলাকায় জোরালো আক্রমণ শুরু করেছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বাব এল-মানদেব প্রণালি ও এর আশেপাশের সমুদ্রপথে নৌ চলাচল সুরক্ষিত রাখা এবং তেল অবকাঠামো রক্ষায় সৌদি আরব যুক্তরাজ্যের কাছেও সহায়তার আবেদন জানিয়েছে বলে ব্লুমবার্গের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে সৌদি আরবের সঙ্গে সম্প্রতি স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় পাকিস্তানের সামরিক ভূমিকা নিয়েও আলোচনা চলছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এর আগে বলেছেন, চুক্তিটি প্রতিরক্ষামূলক ব্যবস্থা এবং অন্য দেশে আক্রমণের জন্য এটি ব্যবহার করার বিষয়টি আলোচনায় নেই। তবে সৌদি আরব আক্রান্ত হলে চুক্তিটি কীভাবে কার্যকর হবে, সে বিষয়ে নির্দিষ্ট সামরিক পদক্ষেপ এখনো প্রকাশ্যে স্পষ্ট হয়নি।
আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকা সত্ত্বেও হুথিদের হামলার প্রেক্ষাপটে সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে গোয়েন্দা সহযোগিতার আলোচনা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। তবে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে সৌদি আরবের ফিলিস্তিননীতি এবং ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য সম্পর্ক স্বাভাবিকীকরণসহ আরও কয়েকটি রাজনৈতিক বিষয় গুরুত্বপূর্ণ হয়ে রয়েছে।
বিজ্ঞাপন
সূত্র: ফার্স্টপোস্ট








