মার্কিন-ইসরায়েলি জাহাজে হামলা নয়, সৌদিকে ছাড় দেওয়া হবে না

লোহিত সাগরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজে হামলা না চালানোর কথা জানিয়েছে ইয়েমেনের হুথিরা। তবে সৌদি আরবের মালিকানাধীন বা সৌদি পণ্য পরিবহনকারী জাহাজকে এ ধরনের ছাড় দেওয়া হবে না বলে যুক্তরাষ্ট্রকে জানিয়েছে গোষ্ঠীটি।
বিজ্ঞাপন
বিষয়টি নিয়ে গত সপ্তাহে ওমানের রাজধানী মাস্কাটে হুথি প্রতিনিধিদের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের গোপন বৈঠক হয়েছে। পাঁচটি সূত্রের বরাতে বুধবার এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। বৈঠকটি মাস্কাটে অবস্থিত মার্কিন দূতাবাসে অনুষ্ঠিত হয় এবং ওমান এতে মধ্যস্থতা করে।
রয়টার্সের সূত্রগুলো জানিয়েছে, বৈঠকে হুথিরা মার্কিন কর্মকর্তাদের আশ্বস্ত করেছে, লোহিত সাগরে চলাচলকারী কোনো মার্কিন জাহাজে হামলার পরিকল্পনা তাদের নেই। ইসরায়েলি জাহাজেও হামলা না চালানোর কথা জানিয়েছে তারা। তবে সৌদি আরবের জাহাজ কিংবা সৌদি পণ্য পরিবহনে যুক্ত কোনো জাহাজকে লক্ষ্যবস্তু করা হতে পারে বলে জানিয়েছে হুথিরা।
বৈঠকে অংশ নেওয়া এক ইয়েমেনি সূত্র জানায়, ইসরায়েলের মালিকানাধীনসহ অন্যান্য জাহাজেও হামলার পরিকল্পনা নেই হুথিদের। তাদের বর্তমান অবস্থান অনুযায়ী, সৌদি সংশ্লিষ্ট জাহাজই হামলার লক্ষ্য হতে পারে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
২০২৫ সালে হুথিদের বিরুদ্ধে প্রায় দুই মাস বিমান হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। পরে ওই বছরের মে মাসে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হয়। বৈঠকে হুথিরা জানিয়েছে, তারা ওই যুদ্ধবিরতির প্রতিশ্রুতি এখনও বজায় রেখেছে। ফলে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট কোনো জাহাজে হামলা চালানোর পরিকল্পনা তাদের নেই বলে জানিয়েছে গোষ্ঠীটি।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, হুথিরা তার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে সৌদি আরবের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রকে সরাসরি জড়িত না হওয়ার অনুরোধ করেছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সও সোমবার হুথিদের সঙ্গে সরাসরি যোগাযোগের কথা জানিয়েছিলেন। তবে তখন এ যোগাযোগের বিস্তারিত প্রকাশ করা হয়নি।
বিজ্ঞাপন
এর মধ্যেই রয়টার্সের প্রতিবেদনে মাস্কাটে মার্কিন ও হুথি প্রতিনিধিদের সরাসরি বৈঠকের তথ্য সামনে এলো। বৈঠকটি এমন সময়ে হয়েছে, যখন ইয়েমেনের লোহিত সাগর উপকূল ও বাব এল-মান্দেব প্রণালিকে ঘিরে আঞ্চলিক উত্তেজনা বেড়েছে।
সূত্র: রয়টার্স ও এএফপি








