Logo

মক্কার কাছে ড্রোন হামলার চেষ্টা, তীব্র নিন্দা পাকিস্তানের প্রধানমন্ত্রীর

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:২২
মক্কার কাছে ড্রোন হামলার চেষ্টা, তীব্র নিন্দা পাকিস্তানের প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে ড্রোন হামলার চেষ্টার অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। একই সঙ্গে সৌদি আরবের সঙ্গে সংহতি প্রকাশ এবং পবিত্র স্থানগুলোর নিরাপত্তায় সৌদি বাহিনীর দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন তিনি।

বিজ্ঞাপন

বুধবার (১৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে শাহবাজ শরিফ মক্কার কাছে কথিত ড্রোন হামলার চেষ্টার ঘটনায় নিন্দা জানান। তিনি বলেন, এ ধরনের ঘটনায় পাকিস্তানের জনগণ গভীরভাবে উদ্বিগ্ন ও মর্মাহত।

সৌদি নিরাপত্তা বাহিনীর দ্রুত প্রতিক্রিয়ারও প্রশংসা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও অস্থিতিশীলতার মধ্যে নতুন করে উত্তেজনা না বাড়াতে সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানান তিনি।

শাহবাজ শরিফ বলেন, টেকসই শান্তি প্রতিষ্ঠায় সংলাপ ও কূটনীতিই কার্যকর পথ। নতুন করে উত্তেজনা তৈরি হলে তা মধ্যপ্রাচ্যের বিদ্যমান সংকটকে আরও জটিল করে তুলতে পারে বলেও সতর্ক করেন তিনি।

বিজ্ঞাপন

এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, মঙ্গলবার সন্ধ্যায় মক্কার দক্ষিণে একটি ড্রোন শনাক্ত করে ধ্বংস করা হয়েছে। সৌদি পক্ষের দাবি, ড্রোনটি পবিত্র নগরীর নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সেটি ধ্বংস করে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি বলেন, দুই পবিত্র মসজিদ ও হাজিদের নিরাপত্তা সৌদি আরবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘটনাটিকে মক্কার নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসেবে দেখছে সৌদি কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

তবে মক্কা বা অন্য কোনো ইসলামি পবিত্র স্থানকে লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছে হুথিরা। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, ইয়েমেন থেকে মক্কা বা অন্য কোনো পবিত্র স্থানের দিকে কোনো হুমকি পাঠানো হয়নি।

ফলে ড্রোনটির প্রকৃত লক্ষ্য কী ছিল এবং সেটি মক্কাকে লক্ষ্য করে পাঠানো হয়েছিল কি না—এ বিষয়ে এখন পর্যন্ত সৌদি ও হুথিদের পরস্পরবিরোধী বক্তব্যের বাইরে স্বাধীনভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD