দলীয় পরিচয়ের বাইরে যোগ্যদের দায়িত্ব দিতে হবে: অ্যাড. জুবায়ের

দেশের গুরুত্বপূর্ণ পদগুলোতে দলীয় পরিচয়ের বিবেচনা বাদ দিয়ে যোগ্যতা, দক্ষতা ও সততার ভিত্তিতে মানুষকে দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
বিজ্ঞাপন
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্র্যাব) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
জুবায়ের বলেন, দলীয় মানসিকতার বাইরে গিয়ে যোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে যুক্ত করা প্রয়োজন। দলীয় পরিচয় যেন কারও দায়িত্ব পালনের পথে বাধা না হয়, সেদিকেও নজর দিতে হবে। কোনো দল ক্ষমতায় গিয়ে সব প্রতিষ্ঠান নিজেদের লোক দিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা না করার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিদেশে থাকা বাংলাদেশি মেধাবীদের দেশের কাজে যুক্ত করার ওপরও গুরুত্ব দেন জামায়াতের এই নেতা। তাঁর দাবি, বিশ্বের বিভিন্ন দেশে বিপুলসংখ্যক বাংলাদেশি পিএইচডি ও পোস্টডক্টরেটধারী রয়েছেন। দেশের উন্নয়ন পরিকল্পনায় তাঁদের দক্ষতা কাজে লাগানো উচিত।
সাংবাদিকতার দায়িত্বশীলতার বিষয়টি তুলে ধরে জুবায়ের বলেন, একটি প্রতিবেদন যেমন ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপকার করতে পারে, তেমনি ভুল বা অসতর্ক প্রতিবেদন ক্ষতির কারণও হতে পারে। তাই ক্রাইম রিপোর্টারদের পেশাগত দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখতে হবে।
বিজ্ঞাপন
আইন ও অপরাধবিষয়ক সাংবাদিকতায় নিয়মিত প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালার প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি। অপরাধের ধরন ও সংশ্লিষ্ট আইন সম্পর্কে হালনাগাদ ধারণা না থাকলে যথাযথভাবে সংবাদ পরিবেশন করা কঠিন বলেও মন্তব্য করেন।
জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে জুবায়ের আহত ও নিহতদের পরিবারের প্রতি রাষ্ট্রীয় দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, আন্দোলনে নিহত ও আহতদের ত্যাগের বিষয়টি বিবেচনায় রেখে রাষ্ট্রের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।
সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে বিভিন্ন দলের মধ্যে সংস্কার নিয়ে মতৈক্য তৈরি হয়েছে এবং গণভোটেও জনগণ সংস্কারের পক্ষে মত দিয়েছে বলে তিনি মনে করেন। তাঁর ভাষ্য, ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্য প্রয়োজন।
বিজ্ঞাপন
সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগ প্রক্রিয়ায় একক রাজনৈতিক প্রভাব না রাখার পক্ষেও মত দেন তিনি। নির্বাচন কমিশনের কিছু সিদ্ধান্ত পরিবর্তনের প্রসঙ্গ তুলে জুবায়ের বলেন, গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানের সিদ্ধান্তে স্থিরতা না থাকলে মানুষের আস্থা নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
শিক্ষা, অর্থনীতি ও পররাষ্ট্রনীতির মতো মৌলিক বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দীর্ঘমেয়াদি জাতীয় ঐকমত্যের প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি। সরকার পরিবর্তনের সঙ্গে এসব নীতিতে বড় ধরনের পরিবর্তন না আনার ওপর গুরুত্ব দেন জামায়াতের এই নেতা।
অন্যদিকে অনুষ্ঠানে পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ ক্রাইম রিপোর্টারদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান।
তিনি বলেন, ঝুঁকি নিয়ে অনুসন্ধানী সাংবাদিকতা করতে গিয়ে ক্রাইম রিপোর্টাররা দুর্নীতি ও অপরাধের তথ্য প্রকাশ করেন। তাঁদের নিরাপত্তার জন্য সরকারের কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত। তাঁর মতে, ক্রাইম রিপোর্টিং শক্তিশালী হলে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাও উপকৃত হবে।
বিজ্ঞাপন
ক্র্যাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির সাংবাদিকদের শুভেচ্ছা জানান তিনি। একই অনুষ্ঠানে ক্রাইম রিপোর্টারদের ভূমিকা ও পেশাগত নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পায়।







