বিশ্বকাপের আগে দাপুটে জয় বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার

বিশ্বকাপ শুরুর আর দুই দিনও বাকি নেই। তার আগে শেষ প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আত্মবিশ্বাসী বার্তা দিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসির গোলের সঙ্গে ভ্যালেন্টিন বার্কো ও থিয়াগো আলমাদার সাফল্যে আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তেরা।
বিজ্ঞাপন
বুধবার যুক্তরাষ্ট্রের আলাবামার জর্ডান-হারে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য ছিল লিওনেল স্কালোনির দলের। ৬৩ শতাংশ বল দখলে রেখে ১৫টি শট নেয় আর্জেন্টিনা, যার মধ্যে ৭টি ছিল লক্ষ্যে। বিপরীতে আইসল্যান্ড ৬টি শট নিলেও লক্ষ্যে রাখতে পারে মাত্র একটি।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় আর্জেন্টিনা। অষ্টম মিনিটে ফ্রি-কিক থেকে তৈরি হওয়া সুযোগ কাজে লাগিয়ে গোল করেন ভ্যালেন্টিন বার্কো। জাতীয় দলের জার্সিতে এটি ছিল তার দ্বিতীয় গোল।
বিজ্ঞাপন
প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি আর্জেন্টিনা। তবে বিরতির পরও আক্রমণাত্মক ফুটবল অব্যাহত রাখে তারা। লাউতারো মার্টিনেজ একাধিক সুযোগ পেলেও গোলের দেখা পাননি।
ইন্টার মায়ামিতে চোট পাওয়ার পর মেসির খেলা নিয়ে কিছুটা শঙ্কা ছিল। তবে সেই শঙ্কা দূর করে ৬৯তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন আর্জেন্টাইন অধিনায়ক। মাঠে নামার পরপরই আক্রমণে প্রাণ ফেরান তিনি।
মেসির বাড়ানো পাস থেকে লাউতারো মার্টিনেজ গোলের সুযোগ তৈরি করলে প্রতিপক্ষ গোলরক্ষকের ফাউলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। স্পট কিক থেকে সহজেই বল জালে পাঠিয়ে ব্যবধান ২-০ করেন মেসি।
বিজ্ঞাপন

ম্যাচের ৮৬তম মিনিটে আর্জেন্টিনার তৃতীয় গোলটি করেন থিয়াগো আলমাদা। মেসির পাস ধরে রদ্রিগো ডি পলের তৈরি করা সুযোগ কাজে লাগিয়ে তিনি চূড়ান্ত ফল নির্ধারণ করেন।
বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে ৩-০ গোলের এই জয় আর্জেন্টিনাকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। ১৭ জুন বিশ্বকাপ অভিযান শুরু করবে স্কালোনির দল।








