কুনহার জোড়া গোল ও ভিনিসিয়ুসের ঝলকে ৩-০ ব্যবধানে এগিয়ে ব্রাজিল

বিশ্বকাপের গ্রুপ পর্বে হাইতির বিপক্ষে প্রথমার্ধেই আধিপত্য বিস্তার করেছে ব্রাজিল। ম্যাথিউস কুনহার জোড়া গোল এবং ভিনিসিয়ুস জুনিয়রের একটি গোলে বিরতিতে ৩-০ ব্যবধানে এগিয়ে রয়েছে কার্লো আনচেলত্তির দল।
বিজ্ঞাপন
শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। তবে হাইতির সংগঠিত রক্ষণ প্রথম ২০ মিনিট পর্যন্ত রাফিনহা, ভিনিসিয়ুস ও কুনহাদের বেশ কয়েকটি আক্রমণ প্রতিহত করে।
ম্যাচের চতুর্থ মিনিটেই ডগলাস সান্তোসকে ফাউল করে হলুদ কার্ড দেখেন হাইতির কার্লেন্স আর্কুস। এটি চলতি বিশ্বকাপের সবচেয়ে দ্রুত পাওয়া হলুদ কার্ড। এরপর ১২ মিনিটে ব্রুনো গিমারায়েসের বাড়ানো বল থেকে রাফিনহা জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোলের স্বীকৃতি পাননি।
বিজ্ঞাপন
বল দখলে পিছিয়ে থাকলেও প্রথম ২০ মিনিট ব্রাজিলকে আটকে রাখতে সক্ষম হয় হাইতি। তবে ২৩ মিনিটে ভাঙে সেই প্রতিরোধ। ভিনিসিয়ুস জুনিয়রের নেওয়া শট প্রথমে ঠেকান গোলরক্ষক জনি প্লাসিদে। পরে ডিফেন্ডারদের ক্লিয়ারেন্সের চেষ্টায় বল কুনহার গায়ে লেগে জালে ঢুকে গেলে এগিয়ে যায় ব্রাজিল।
এই গোলের মাধ্যমে বিশ্বকাপের গ্রুপ পর্বে ২০১৮ সালে সুইজারল্যান্ডের বিপক্ষে ফিলিপে কুতিনহোর গোলের পর সবচেয়ে দ্রুত গোলের দেখা পায় ব্রাজিল।
৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কুনহা। মাঝমাঠে বল হারানোর সুযোগ কাজে লাগিয়ে দ্রুত আক্রমণে ওঠেন ভিনিসিয়ুস। তার নিখুঁত পাস ধরে কুনহা কঠিন কোণ থেকে শক্তিশালী শটে বল জালে পাঠিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন।
বিজ্ঞাপন
তবে প্রথমার্ধের শেষভাগে কিছুটা দুশ্চিন্তায় পড়ে ব্রাজিল। চোট পেয়ে মাঠে বসে পড়েন রাফিনহা। পরিস্থিতি বিবেচনায় ৪০ মিনিটে তাকে তুলে নেন কোচ কার্লো আনচেলত্তি। তার জায়গায় মাঠে নামেন তরুণ ফরোয়ার্ড রায়ান।
যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আসে ব্রাজিলের তৃতীয় গোল। লুকাস পাকেতার দুর্দান্ত লং পাসে হাইতির রক্ষণভাগ ভেঙে এককভাবে এগিয়ে যান ভিনিসিয়ুস জুনিয়র। পরে গোলরক্ষককে পরাস্ত করে সহজেই বল জালে জড়িয়ে দেন এই ফরোয়ার্ড।
বিজ্ঞাপন
প্রথমার্ধে একটি গোল করার পাশাপাশি আরও দুটি গোলের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ম্যাচের সবচেয়ে প্রভাবশালী খেলোয়াড় ছিলেন ভিনিসিয়ুস। অন্যদিকে জোড়া গোল করে নিজের ধারাবাহিকতা বজায় রেখেছেন কুনহা।
প্রথম ৪৫ মিনিটে ব্রাজিলের আক্রমণের বিপরীতে হাইতি তেমন কোনো উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারেনি। ফলে বিরতিতে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকেই ড্রেসিংরুমে ফেরে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।








