ভিনিসিয়ুসের জোড়া আঘাতে প্রথমার্ধে এগিয়ে ব্রাজিল

নকআউট পর্বে জায়গা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে মাঠে নেমেই দারুণ সূচনা করেছে ব্রাজিল। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধ শেষে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দুই গোলই এসেছে ভিনিসিয়ুস জুনিয়রের পা থেকে।
বিজ্ঞাপন
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। সপ্তম মিনিটে প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন ভিনিসিয়ুস। স্কটল্যান্ডের ডিফেন্ডার স্কট ম্যাককেনার ভুল পাস থেকে বল পেয়ে গোলরক্ষক অ্যাঙ্গাস গুনকে কাটিয়ে সহজেই জালে বল পাঠান এই ফরোয়ার্ড।
এরপর কয়েকবার আক্রমণে গেলেও ব্যবধান বাড়াতে পারেনি ব্রাজিল। ২২ মিনিটে ভিনিসিয়ুস আবারও বল জালে পাঠালেও ভিএআর পর্যালোচনার পর গোলটি বাতিল করা হয়। রিপ্লেতে দেখা যায়, আক্রমণ গড়ার সময় তিনি প্রতিপক্ষের একজন ডিফেন্ডারকে ফাউল করেছিলেন।
পজেশনে কিছুটা এগিয়ে থাকলেও স্কটল্যান্ড আক্রমণে ছিল নিষ্প্রভ। গোলমুখে কয়েকটি প্রচেষ্টা নিলেও সেগুলোর কোনোটিই লক্ষ্যে রাখতে পারেনি দলটি। অন্যদিকে ব্রাজিল সুযোগ তৈরি করে বারবার চাপ সৃষ্টি করেছে স্কটিশ রক্ষণে।
বিজ্ঞাপন
প্রথমার্ধের যোগ করা সময়ে আবারও জ্বলে ওঠেন ভিনিসিয়ুস। ব্রুনো গুইমারেসের নিখুঁত ক্রস থেকে হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। এই গোলেই বিরতিতে যাওয়ার আগে ব্রাজিলের লিড দ্বিগুণ হয়।
এদিকে ম্যাথিউস কুনহা ও রায়ান নিজেদের সুযোগ কাজে লাগাতে পারলে প্রথমার্ধেই আরও বড় ব্যবধানে এগিয়ে থাকতে পারত সেলেসাওরা। তবে ভিনিসিয়ুসের জোড়া গোলেই আপাতত স্বস্তিতে রয়েছে ব্রাজিল শিবির।








