মুশফিকুর রহিমকেও কোচিংয়ে আনতে চায় বিসিবি

মাহমুদউল্লাহ রিয়াদের পর এবার মুশফিকুর রহিমকেও ভবিষ্যতে কোচিংয়ের সঙ্গে যুক্ত করতে আগ্রহী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের হয়ে দীর্ঘদিন খেলা অভিজ্ঞ ক্রিকেটারদের জ্ঞান ও অভিজ্ঞতা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এমন পরিকল্পনা করছে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।
বিজ্ঞাপন
অবসরের পর মুশফিককে কোচিংয়ে নিয়ে আসতে চান জানিয়ে ক্রিকবাজকে বিসিবি পরিচালক ফাহিম সিনহা বলেন, ‘মাহমুদউল্লাহ, মুশফিক—যারা আমাদের দেশের হয়ে এত দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে খেলেছে, তাদের অভিজ্ঞতা নতুন প্রজন্মের ক্রিকেটারদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা আমাদের দায়িত্ব।’
তবে বিসিবির চাওয়াতেই সব হবে না, মুশফিক কোচিংয়ে যুক্ত হতে আগ্রহী হলেই তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিবি। ফাহিম আরও বলেন, ‘যদি মুশফিক কোচিংয়ে আগ্রহী হন কিংবা ক্রিকেটের সঙ্গে কাজ করতে চান, তাহলে আমরা অবশ্যই তাকে যুক্ত করতে চাই।’
বিজ্ঞাপন
মুশফিককে কোচিংয়ে যুক্ত করতে চাওয়ার কারণ হিসেবে তিনি বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে এত বছরের অভিজ্ঞতা এবং আধুনিক ক্রিকেটকে কাছ থেকে দেখার সুযোগ; এসব আমাদের ক্রিকেটের জন্য অনেক মূল্যবান। তাকে যদি আমরা বিসিবির সঙ্গে যুক্ত করতে না পারি, সেটি আমাদের ব্যর্থতা হবে।’
অন্যদিকে আঞ্চলিক কোচদের মান উন্নয়নের জন্য পদক্ষেপ নিয়েছে বিসিবি। এই বোর্ড পরিচালক জানান, ‘আমরা তিন সদস্যের একটি টেকনিক্যাল কমিটি গঠন করছি। মোহাম্মদ সালাহউদ্দিন, মিজানুর রহমান বাবুল এবং সোহেল ইসলাম এই মূল্যায়নের দায়িত্বে থাকবেন।’
বিজ্ঞাপন
ফাহিম সিনহা জানান, ‘কেপিআই (কী পারফরম্যান্স ইন্ডিকেটর) বাস্তবায়নের পর থেকেই কোচদের পারফরম্যান্স মূল্যায়নের একটি নির্দিষ্ট প্রক্রিয়া চালু হবে। সিনিয়র কোচরা জেলা ও বিভাগীয় কোচদের তদারকি করবেন। আমরা এমন একটি কাঠামো তৈরি করতে চাই, যেখানে বিসিবির অধীনে থাকা সব কোচ কেপিআইয়ের আওতায় আসবেন।’
এ ছাড়া জেলা ও আঞ্চলিক পর্যায়ের কোচদের বেতনও বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। নতুন বেতন কাঠামোতে অন্তত ৭০ শতাংশ পর্যন্ত পারিশ্রমিক বৃদ্ধির চিন্তা করছে বিসিবি। যোগ্যতার ভিত্তিতে তিনটি গ্রেড নির্ধারণ করা হবে, যাতে শুরু থেকেই কোচরা আরও প্রতিযোগিতামূলক বেতন পান।








