বালোগানের নিষেধাজ্ঞা স্থগিতে ফিফাকে ধুয়ে দিলো উয়েফা

যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ডের কারণে এক ম্যাচ নিষিদ্ধ হওয়ার কথা থাকলেও সেই শাস্তি এক বছরের জন্য স্থগিত করেছে ফিফা। ফলে আগামীকাল বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে মাঠে নামতে কোনো বাধা থাকছে না তার। তবে এ সিদ্ধান্ত ঘিরে তীব্র সমালোচনা শুরু হয়েছে।
বিজ্ঞাপন
ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এক বিবৃতিতে ফিফার সিদ্ধান্তকে ‘অভূতপূর্ব, অযৌক্তিক ও বিস্ময়কর’ বলে মন্তব্য করেছে। সংস্থাটির দাবি, সরাসরি লাল কার্ড পাওয়ার পর বালোগানের ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা ছিল। সেই নিয়ম থেকে সরে আসা ফুটবলের প্রচলিত নীতির পরিপন্থী।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের পরই বালোগানের শাস্তি স্থগিতের সিদ্ধান্ত নেয় ফিফা। যদিও এ বিষয়ে ফিফার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
বিজ্ঞাপন
গত ১ জুলাই বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে প্রথমার্ধে গোল করে যুক্তরাষ্ট্রকে এগিয়ে দেন বালোগান। তবে ম্যাচের ৬১তম মিনিটে বল দখলের লড়াইয়ে বসনিয়ার মুহারেমোভিচকে পেছন থেকে বিপজ্জনক ট্যাকল করেন তিনি। ভিএআর পর্যালোচনার পর ৬৪তম মিনিটে তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত তিন গোল করে যুক্তরাষ্ট্রের অন্যতম ভরসায় পরিণত হয়েছেন বালোগান। তার লাল কার্ডের সিদ্ধান্তে ম্যাচ শেষে অসন্তোষ প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের কোচ মরিসিও পচেত্তিনো। তবে ফিফার শৃঙ্খলা বিধির ৬৬.৪ ধারা অনুযায়ী, সরাসরি লাল কার্ড পেলে পরবর্তী ম্যাচে নিষেধাজ্ঞা বাধ্যতামূলক এবং এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগও থাকে না।
এদিকে ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ফিফার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে লিখেছেন, ‘একটি বড় অবিচার সংশোধন করায় ফিফাকে ধন্যবাদ।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
ফিফার এই পদক্ষেপের সমালোচনা করেছেন সংস্থাটির সাবেক সভাপতি সেপ ব্লাটার। তার ভাষ্য, রাজনৈতিক প্রভাব খাটিয়ে লাল কার্ডের সিদ্ধান্ত বদলে দেওয়া ফুটবলের জন্য ভালো বার্তা নয়। তিনি বলেন, যদি কোনো রাষ্ট্রনেতার হস্তক্ষেপে বিশ্বকাপের নকআউট পর্বের আগে একজন খেলোয়াড় শাস্তি থেকে অব্যাহতি পান, তাহলে ফিফার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবেই। ফুটবলকে কখনোই রাজনৈতিক প্রভাবের ক্ষেত্র হতে দেওয়া উচিত নয়।








