Logo

এবার সুখবর পেলেন মিশরের কোচ হোসাম হাসান

profile picture
ক্রীড়া ডেস্ক
৯ জুলাই, ২০২৬, ১৭:৩৪
এবার সুখবর পেলেন মিশরের কোচ হোসাম হাসান
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার বিপক্ষে দারুণ লড়াই এবং এবারের বিশ্বকাপে মিশরের ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হিসেবে প্রধান কোচ হোসাম হাসানের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করেছে মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন। নতুন চুক্তি অনুযায়ী ২০৩০ সাল পর্যন্ত জাতীয় দলের দায়িত্বে থাকবেন অভিজ্ঞ এই কোচ।

বিজ্ঞাপন

বুধবার (৮ জুলাই) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে মিশরের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। সংস্থাটির সভাপতি হ্যানি আবু রিদা জানিয়েছেন, পরিচালনা পর্ষদের বৈঠকে প্রধান কোচ হোসাম হাসান এবং জাতীয় দলের পরিচালক ইব্রাহিম হাসানের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নতুন চুক্তির আওতায় আগামী চার বছর জাতীয় দলের দায়িত্ব পালন করবেন হোসাম হাসান। উল্লেখযোগ্য বিষয় হলো, এবারের বিশ্বকাপে তিনি আনুষ্ঠানিক নতুন চুক্তি ছাড়াই দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। গত ফেব্রুয়ারিতে তার আগের চুক্তির মেয়াদ শেষ হলেও বিশ্বকাপ শুরুর আগে নতুন করে চুক্তি নবায়ন করেনি ফেডারেশন। তবে বিশ্বকাপে দলের অসাধারণ পারফরম্যান্সের পর তাকে দীর্ঘমেয়াদে দায়িত্বে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে মিশরের প্রধান কোচের দায়িত্ব নেওয়ার পর থেকেই দলের পারফরম্যান্সে বড় ধরনের পরিবর্তন আনেন ৫৯ বছর বয়সী এই কোচ। তার অধীনে ২০২৫ সালের আফ্রিকা কাপ অব নেশনসের সেমিফাইনালে ওঠে মিশর। এবারের বিশ্বকাপে এসে হোসাম হাসানের অধীনে আরও বড় সাফল্য পায় ফারাওরা। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো জয় পাওয়ার পাশাপাশি প্রথমবার নকআউট পর্বে খেলার কৃতিত্ব অর্জন করে দলটি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নেয় মিশর। এরপর বেলজিয়াম ও ইরানের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে দারুণ লড়াই করে ড্র করে তারা। এর মাধ্যমে গ্রুপ রানার্সআপ হয়ে জায়গা করে নেয় নকআউট পর্বে। শেষ বত্রিশের লড়াইয়ে অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনালের স্বপ্ন আরও উজ্জ্বল করে মিশর। এরপর শেষ ষোলোর ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে হোসাম হাসানের কৌশল নজর কাড়ে। ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থেকে আর্জেন্টিনাকে চরম চাপে রেখেছিল আফ্রিকার দলটি। তবে শেষ পর্যন্ত ৩-২ গোলের ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় তাদের।

তবু এবারের বিশ্বকাপে মিশরের পারফরম্যান্স ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। দলটির এই পরিবর্তনের পেছনে সবচেয়ে বড় অবদান রাখা ব্যক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে হোসাম হাসানকে। দায়িত্ব নেওয়ার পর তিনি খেলোয়াড়দের মধ্যে নতুন আত্মবিশ্বাস তৈরি করেন এবং আন্তর্জাতিক ফুটবলে মিশরকে আবারও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থানে ফিরিয়ে আনেন।

বিজ্ঞাপন

কোচিংয়ে সফল হওয়ার আগেই খেলোয়াড় হিসেবে কিংবদন্তির মর্যাদা অর্জন করেছিলেন হোসাম হাসান। মিশরের জার্সিতে ১৭৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ৬৯টি গোল করেছেন তিনি। এখনো দেশের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড তার দখলেই রয়েছে। খেলোয়াড় ও কোচ—দুই ভূমিকাতেই দেশের ফুটবলে অসামান্য অবদান রাখায় তাকে দীর্ঘমেয়াদে দায়িত্বে রাখার সিদ্ধান্ত নিয়েছে মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন। এই নতুন চুক্তিকে তার সাফল্যের আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবেই দেখছেন দেশটির ফুটবল সংশ্লিষ্টরা।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD