রিয়াল মাদ্রিদেই থাকছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র

সব জল্পনার অবসান ঘটিয়ে রিয়াল মাদ্রিদেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। ক্লাবটির সর্বশেষ চুক্তির প্রস্তাবে সম্মতি জানিয়েছেন তিনি। নতুন চুক্তি অনুযায়ী ২০৩২ সাল পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতে থাকবেন এই তারকা।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার রিয়াল মাদ্রিদ আনুষ্ঠানিকভাবে ভিনিসিয়ুসের চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে ব্রাজিলিয়ান ফুটবলারের প্রতিনিধিদের সঙ্গে ক্লাবটির শীর্ষ কর্মকর্তাদের বৈঠক হয়। সেখানে বেতন বাড়িয়ে নতুন চুক্তির প্রস্তাব দেওয়া হলে ভিনিসিয়ুসের প্রতিনিধি দল তাতে ইতিবাচক সাড়া দেয়।
এর মধ্য দিয়ে এক বছরেরও বেশি সময় ধরে চলা চুক্তি নবায়নের জটিলতার অবসান হলো। দীর্ঘ সময় ধরে নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় ভিনিসিয়ুসের রিয়াল ছাড়ার সম্ভাবনা নিয়েও নানা আলোচনা চলছিল।
ইএসপিএনের তথ্য অনুযায়ী, আগের প্রস্তাবের তুলনায় আর্থিক দিক থেকে উন্নত শর্তে নতুন চুক্তির প্রস্তাব দেয় রিয়াল। এর আগে ক্লাবটি ভিনিসিয়ুসকে বছরে ২২ মিলিয়ন ইউরো দেওয়ার প্রস্তাব দিয়েছিল। অন্যদিকে আগের চুক্তিতে ১৭.৫ মিলিয়ন ইউরো পাওয়া এই ফরোয়ার্ড বছরে অন্তত ৩০ মিলিয়ন ইউরো পারিশ্রমিক চেয়েছিলেন। শেষ পর্যন্ত দুই পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে চুক্তিটি চূড়ান্ত হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
রিয়াল মাদ্রিদ জানিয়েছে, ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে সমঝোতা হয়েছে। নতুন চুক্তি অনুযায়ী ২০৩২ সালের ৩০ জুন পর্যন্ত মাদ্রিদের ক্লাবটিতে থাকবেন তিনি।
ভিনিসিয়ুসকে দলে ভেড়াতে এর মধ্যে আগ্রহ দেখিয়েছিল ইংলিশ ক্লাব আর্সেনাল। তাকে পেতে বড় অঙ্কের অর্থ খরচের প্রস্তুতিও ছিল বলে গুঞ্জন ওঠে। চুক্তি নবায়ন না হলে চলতি গ্রীষ্মে ভিনিসিয়ুসকে বিক্রি করার কথাও বিবেচনা করছিল রিয়াল। তবে শেষ পর্যন্ত ইংলিশ ক্লাবটির আগ্রহ উপেক্ষা করে মাদ্রিদেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন ২৪ বছর বয়সী এই উইঙ্গার।
বিজ্ঞাপন
২০১৮ সালের জুলাইয়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর ক্লাবটির হয়ে আটটি মৌসুম কাটিয়েছেন ভিনিসিয়ুস। এ সময়ে ৩৭৫ ম্যাচে করেছেন ১২৮ গোল। রিয়ালের হয়ে তিনি জিতেছেন দুটি চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি ক্লাব বিশ্বকাপ, দুটি উয়েফা সুপার কাপ, তিনটি লা লিগা, একটি কোপা দেল রে এবং তিনটি স্প্যানিশ সুপার কাপ।
সূত্র: ইএসপিএন








