সিদ্ধান্ত জানাতে ভিনিসিয়ুসকে আল্টিমেটাম দিলো রিয়াল মাদ্রিদ

রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিনিসিয়ুস জুনিয়রের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে আর মাত্র এক বছর বাকি। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড যাতে চুক্তি শেষ করে ফ্রি এজেন্ট হিসেবে অন্য ক্লাবে চলে যেতে না পারেন, সে জন্য নতুন চুক্তির বিষয়ে দ্রুত সমঝোতায় পৌঁছাতে চাইছে স্প্যানিশ জায়ান্টরা।
বিজ্ঞাপন
ভিনিসিয়ুসও রিয়ালে নিজের আর্থিক ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর প্রত্যাশা করছেন। একই সময়ে ইংলিশ ক্লাব আর্সেনালের পক্ষ থেকেও তার প্রতি আগ্রহ রয়েছে। ফলে দলবদল ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তার দ্রুত অবসান চায় রিয়াল। এ কারণে ভিনিসিয়ুসকে নিজের সিদ্ধান্ত দ্রুত জানানোর জন্য সময়সীমার ইঙ্গিত দেওয়া হয়েছে।
বুধবার মাদ্রিদে ভিনিসিয়ুসের নতুন চুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। ব্রাজিলিয়ান তারকার প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় রিয়ালের পক্ষ থেকে ছিলেন হোসে অ্যাঞ্জেল সানচেজ ও জুনি কালাফাত। বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুনে শেষ হলেও সেটি ২০৩১ সাল পর্যন্ত বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে বেশ কিছু বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানা গেছে।
তবে ভালদেবেবাসে অনুষ্ঠিত বৈঠকে এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি। রিয়াল মাদ্রিদ তাদের আগের প্রস্তাব বাড়িয়ে ভিনিসিয়ুসকে বছরে ২ কোটি ৪০ লাখ ইউরো নিট বেতন দেওয়ার প্রস্তাব দিয়েছে বলে স্প্যানিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। এই চুক্তি ২০৩১ সাল পর্যন্ত কার্যকর রাখার পরিকল্পনা রয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তবে ভিনিসিয়ুসের প্রাথমিক চাহিদা ছিল বছরে ৩ কোটি ইউরো নিট বেতন। অর্থাৎ রিয়ালের নতুন প্রস্তাবও তার প্রত্যাশিত অঙ্কের চেয়ে কম।
অন্যদিকে, পারফরম্যান্সভিত্তিক বোনাসসহ বিভিন্ন ভ্যারিয়েবল সুবিধা যুক্ত করা হলে নিজের বেতন-দাবি কিছুটা কমাতে রাজি আছেন ২৫ বছর বয়সী এই উইঙ্গার। রিয়ালও এ ধরনের কাঠামো বিবেচনা করতে প্রস্তুত বলে জানা গেছে।
বিজ্ঞাপন
নতুন চুক্তির আলোচনায় নবায়ন বোনাসের পাশাপাশি ইমেজ রাইটসও গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। বর্তমানে ইমেজ রাইটস থেকে পাওয়া আয়ের অর্ধেক করে ভাগ করে নেয় রিয়াল ও ভিনিসিয়ুস। তবে ব্রাজিলিয়ান তারকা ভবিষ্যৎ চুক্তিতে নিজের অংশ বাড়াতে চান বলে জানা গেছে।
সাম্প্রতিক কয়েক দিনের তুলনায় চুক্তির বিষয়ে দুই পক্ষের অবস্থান কিছুটা কাছাকাছি এসেছে। ফলে সমঝোতায় পৌঁছানোর আশাও বেড়েছে। তবে এখন চূড়ান্ত সিদ্ধান্ত অনেকটাই ভিনিসিয়ুসের ওপর নির্ভর করছে।
রিয়ালের পাশাপাশি পরিস্থিতির দিকে নজর রাখছে আর্সেনালও। ভিনিসিয়ুসকে দলে পেতে ইংলিশ ক্লাবটির আগ্রহ আগে থেকেই রয়েছে।
বিজ্ঞাপন
এদিকে, দলবদল নিয়ে জোর গুঞ্জনের মধ্যেই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আগের সব পোস্ট মুছে দিয়েছেন ভিনিসিয়ুস। তার এমন কর্মকাণ্ড নতুন করে জল্পনা বাড়িয়েছে।








