জমকালো আয়োজনে গোলরক্ষক ভোজিনহাকে বরণ করলো চিলির ক্লাব

বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই চমক দেখিয়েছিল কেপ ভার্দে। দলটির সাফল্যের পাশাপাশি নজর কেড়েছিলেন গোলরক্ষক ভোজিনহা। বিশ্বমঞ্চে দুর্দান্ত পারফরম্যান্সের পর ৪০ বছর বয়সে চিলির শীর্ষ ক্লাব কলো-কলোর হয়ে খেলার সুযোগ পেয়েছেন তিনি।
বিজ্ঞাপন
নতুন ক্লাবে যোগ দিতে সান্তিয়াগো বিমানবন্দরে পৌঁছালে ভোজিনহাকে স্বাগত জানাতে সেখানে জড়ো হন হাজারো কলো-কলোর সমর্থক। জার্সি, উপহার ও করতালিতে বিমানবন্দরজুড়ে তৈরি হয় উৎসবের পরিবেশ। ভক্তদের উচ্ছ্বাস ও ভালোবাসায় সিক্ত হন এই অভিজ্ঞ গোলরক্ষক।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিমানবন্দরের পর ক্লাবের মাঠেও একই রকম উষ্ণ অভ্যর্থনা পান ভোজিনহা। বুধবার সান্তিয়াগোর মনুমেন্টাল স্টেডিয়ামে হাজারো সমর্থকের উপস্থিতিতে নতুন দলের জার্সিতে প্রথমবারের মতো মাঠে আসেন তিনি। ক্লাবটির গুরুত্বপূর্ণ ট্রফিগুলোর সামনে দাঁড়িয়ে সমর্থকদের শুভেচ্ছা গ্রহণ করেন ৪০ বছর বয়সী এই গোলরক্ষক।
বিজ্ঞাপন
সমর্থকদের উদ্দেশে ভোজিনহা বলেন, তিনি কলো-কলোর মতো বড় একটি ক্লাবের সমর্থকদের ভালোবাসা ও সমর্থন পেয়ে আনন্দিত। সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দলকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
কলো-কলোর হয়ে ২৯ নম্বর জার্সি পরবেন ভোজিনহা। আগামী ১৬ আগস্ট নিজেদের মাঠে তার অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্সের পর আন্তর্জাতিক অঙ্গনে ভোজিনহার জনপ্রিয়তা দ্রুত বেড়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা প্রায় ৫০ হাজার থেকে বেড়ে ২ কোটি ৯০ লাখেরও বেশি হয়েছে।








