অবশেষে আর্সেনালে যোগ দিচ্ছেন ব্রাজিল তারকা ব্রুনো গুইমারেস

দীর্ঘ ২২ বছর পর ২০২৫-২৬ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে আর্সেনাল। চ্যাম্পিয়ন্স লিগেও শিরোপার কাছাকাছি গিয়েছিল মিকেল আর্তেতার দল। তবে টানা দ্বিতীয়বার ইউরোপ সেরার মুকুট জিতে আর্সেনালের সেই স্বপ্নে বাধা দেয় পিএসজি। এবার আরও বড় লক্ষ্য সামনে রেখে দল শক্তিশালী করার পরিকল্পনা নিয়েছে গানাররা। সেই পরিকল্পনার অংশ হিসেবে নিউক্যাসল ইউনাইটেডের ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গুইমারেসকে দলে ভেড়ানোর পথে তারা।
বিজ্ঞাপন
বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৭৫ মিলিয়ন পাউন্ডে ২৮ বছর বয়সী গুইমারেস আর্সেনালে যোগ দিতে সম্মত হয়েছেন। এর আগে লন্ডনের ক্লাবটির প্রাথমিক প্রস্তাবে রাজি হননি তিনি। তবে আর্সেনালে খেলার ব্যাপারে তার আগ্রহ ছিল। পরে নিউক্যাসলের কাছে সংশোধিত প্রস্তাব দেওয়ার পর দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে।
দলবদল সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী, আর্সেনালের সঙ্গে চার বছরের চুক্তি স্বাক্ষরের আগে গুইমারেসের মেডিক্যালও সম্পন্ন হয়েছে। কোচ মিকেল আর্তেতার সঙ্গে তার কথাও হয়েছে। আনুষ্ঠানিকভাবে দলবদলের ঘোষণা শিগগিরই আসতে পারে।
গুইমারেস আগে থেকেই নিউক্যাসলকে জানিয়েছিলেন, উপযুক্ত প্রস্তাব এলে তিনি আর্সেনালে যেতে আগ্রহী। তবে নিউক্যাসলও তাদের অধিনায়ককে ধরে রাখতে চেয়েছিল। সেন্ট জেমস পার্কের ক্লাবটির সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ আরও দুই বছর রয়েছে এবং সেটি আরও এক বছর বাড়ানোর সুযোগও ছিল।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
২০২২ সালের জানুয়ারিতে ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁ থেকে নিউক্যাসলে যোগ দেন গুইমারেস। এরপর দ্রুতই দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হন তিনি।
নিউক্যাসলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৯৫ ম্যাচে ৩১ গোল করেছেন ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার। ২০২৫ সালে লিগ কাপ জয়ের সময় দলকে নেতৃত্বও দেন তিনি। তার নেতৃত্বে ঘরোয়া শিরোপার দীর্ঘ অপেক্ষার অবসান ঘটে নিউক্যাসলের।
বিজ্ঞাপন
আর্সেনালের লক্ষ্য এবার প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার পাশাপাশি ইউরোপীয় প্রতিযোগিতায়ও সাফল্য পাওয়া। এমন সময়ে গুইমারেসের অন্তর্ভুক্তি আর্তেতার মাঝমাঠে অভিজ্ঞতা ও দক্ষতা বাড়াবে বলে মনে করা হচ্ছে।
২০২৬ বিশ্বকাপেও ব্রাজিলের হয়ে খেলেছেন গুইমারেস। সাম্প্রতিক বছরগুলোতে জাতীয় দলের নিয়মিত সদস্য হিসেবেও নিজের জায়গা ধরে রেখেছেন তিনি।
অন্যদিকে অ্যান্থনি গর্ডন, সান্দ্রো টোনালি ও কোচ এডি হাওয়ের বিদায়ের পর গুইমারেসের দলবদল নিউক্যাসলের জন্য বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।








