সালাহকে বরণে তুরস্কে উৎসবের আমেজ, বিমানবন্দরে ভক্তদের ঢল

ফিফা বিশ্বকাপের আগেই লিভারপুল অধ্যায়ের ইতি টেনেছেন মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ। এরপর তার পরবর্তী গন্তব্য নিয়ে নানা জল্পনা চললেও তুরস্কের সুপার লিগের ক্লাব ট্রাবজোনস্পর সালাহর সঙ্গে চুক্তির আলোচনা হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।
বিজ্ঞাপন
চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা শিগগিরই আসতে পারে। এরই মধ্যে তুরস্কে পৌঁছেছেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। তাকে স্বাগত জানাতে ইস্তানবুলের আতাতুর্ক বিমানবন্দরের বাইরে ভিড় করেন শত শত সমর্থক।
বুধবার বিমানবন্দর থেকে বের হওয়ার সময় ক্লাবের রঙের পোশাক পরা সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সালাহ। এ সময় ভক্তদের উচ্ছ্বাসে তুরস্কে উৎসবের আমেজ তৈরি হয়।
দীর্ঘ নয় বছর লিভারপুলে কাটিয়ে গত মৌসুমে ক্লাবটি ছাড়েন সালাহ। ইংলিশ দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি ২৫৭ গোল করেছেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
ট্রাবজোনস্পরে সালাহর পারিশ্রমিক কত হবে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে ফ্রি এজেন্ট হিসেবে দলটিতে যোগ দেওয়ায় তাকে নিতে কোনো ট্রান্সফার ফি দিতে হচ্ছে না। ফলে তার বেতনের জন্য বড় অঙ্কের অর্থ ব্যয়ের সুযোগ থাকছে ক্লাবটির।
চ্যাম্পিয়ন্স লিগে ৫০ গোলের মাইলফলক ছোঁয়া সালাহ আগামী মৌসুমে ট্রাবজোনস্পরের হয়ে ইউরোপীয় ফুটবলে খেলবেন। গত মৌসুমে তুর্কি সুপার লিগে তৃতীয় হয়েছিল দলটি। চ্যাম্পিয়ন গালাতাসারাইয়ের চেয়ে আট পয়েন্ট পিছিয়ে ছিল তারা।
বিজ্ঞাপন
ইউরোপা লিগের প্লে-অফ পর্বে ব্যর্থ হলে ট্রাবজোনস্পরকে কনফারেন্স লিগে খেলতে হবে।
এর আগে ২০২৫ সালের এপ্রিলে লিভারপুলের সঙ্গে নতুন চুক্তি করেন সালাহ। সপ্তাহে ৪ লাখ পাউন্ড পারিশ্রমিকের ওই চুক্তির মাধ্যমে তিনি ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়ে পরিণত হয়েছিলেন।
বৃহস্পতিবার স্থানীয় সময় ট্রাবজোনস্পরের হোম ভেন্যু পাপারা পার্কে সালাহকে আনুষ্ঠানিকভাবে সমর্থকদের সামনে উপস্থাপন করা হবে। এ উপলক্ষে সমর্থকদের নতুন মৌসুমের জার্সি পরে মাঠে আসার আহ্বান জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।








