বিপিএলে দল নিতে চায় এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) এবারের আসরে জাফনা কিংসকে হারিয়ে শিরোপা জিতেছে গল গ্যালান্টস। চ্যাম্পিয়ন হওয়ার পর এবার বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দল নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে তারা। ফাইনাল শেষে গল গ্যালান্টসের মালিকপক্ষের এক প্রতিনিধি এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞাপন
বিপিএলে দল নেওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে তাদের আলোচনা চলছে বলেও জানিয়েছেন তিনি। গল গ্যালান্টসের ওই প্রতিনিধি বলেন, এলপিএলে চ্যাম্পিয়ন হওয়া তাদের জন্য দারুণ অনুভূতির। এপ্রিলে যাত্রা শুরুর পর প্রায় চার মাস ধরে নানা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। উত্থান-পতনের মধ্যেও সঠিক পরিকল্পনা অনুযায়ী কাজ করে সাফল্য এসেছে। খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের সম্মিলিত প্রচেষ্টাতেই এই অর্জন সম্ভব হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিপিএলে অংশ নেওয়ার বিষয়ে আরও আলোচনা করার কথা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে দল নেওয়ার বিষয়টি তারা গুরুত্ব দিয়ে ভাবছেন। এলপিএল শেষ হওয়ায় এখন বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়ে আলোচনা এগিয়ে নেওয়া হবে।
বিজ্ঞাপন
গল গ্যালান্টসের প্রতিনিধি আরও বলেন, তিনি ভারতীয় হওয়ায় ভারত, পাকিস্তান ও বাংলাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা সম্পর্কে ভালোভাবেই জানেন। বাংলাদেশের মানুষ ক্রিকেটের প্রতি অত্যন্ত আবেগপ্রবণ। তাই ভবিষ্যতে বাংলাদেশেও তাদের উপস্থিতি দেখতে চান। নির্দিষ্ট কারও নাম উল্লেখ না করে তিনি জানান, বিপিএলে অংশগ্রহণের বিষয়ে বিসিবির কর্মকর্তাদের সঙ্গে তাদের আলোচনা চলছে।
এদিকে এলপিএলের চ্যাম্পিয়ন দলটির হয়ে বাংলাদেশের তারকা ব্যাটার লিটন দাসের খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত তাকে পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে আক্ষেপ রয়েছে গল গ্যালান্টসের মালিকপক্ষের।
লিটনকে না পাওয়ার প্রসঙ্গে গল গ্যালান্টসের প্রতিনিধি বলেন, নুরুল হাসান সোহান দলের জন্য দারুণ পারফর্ম করেছেন। প্রয়োজনের সময় তিনি নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। তবে লিটন দাসকে তারা অনেকটাই মিস করেছেন।








