লঙ্কা প্রিমিয়ার লিগে টুর্নামেন্ট সেরা একাদশে তাওহীদ হৃদয়

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) এবারের আসরের পর্দা নেমেছে। ফাইনালে জাফনা কিংসকে হারিয়ে শিরোপা জিতেছে গল গ্যালান্টস। রানার্সআপ জাফনা কিংসের হয়ে খেলেছেন বাংলাদেশের তাওহীদ হৃদয় ও সাকিব আল হাসান। দল শিরোপা জিততে না পারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে নজর কেড়ে টুর্নামেন্টের সেরা দলে জায়গা করে নিয়েছেন হৃদয়।
বিজ্ঞাপন
গলের বিপক্ষে প্লে-অফ ম্যাচে এবারের আসরে নিজের সর্বোচ্চ ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলেন হৃদয়। ফাইনালে অবশ্য তার ব্যাট থেকে আসে ১০ রান। এর আগে লিগ পর্বে কলম্বো ক্যাপসের বিপক্ষে মাত্র ৮ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন তিনি। ওই ইনিংসে তার স্ট্রাইক রেট ছিল ৩৮৭.৫০।
আক্রমণাত্মক ব্যাটিংয়ে এবারের এলপিএলে আলো ছড়িয়েছেন বাংলাদেশের এই ব্যাটার। পাঁচ ম্যাচে তিনি সংগ্রহ করেছেন ১৫১ রান। তার ব্যাটিং গড় ৭৫.৫০ এবং স্ট্রাইক রেট ১৯৮.৬৮। প্রথম পাঁচ ম্যাচে হৃদয়ের রান ছিল যথাক্রমে ৩৫*, ৩১*, ২১, ৫৪* ও ১০।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সেরা দলে জায়গা পাওয়া ব্যাটারদের মধ্যে হৃদয়ের স্ট্রাইক রেটই সর্বোচ্চ। মাত্র পাঁচ ম্যাচ খেলার সুযোগ পেলেও তার কার্যকর ইনিংসগুলো জাফনা কিংসের মিডল অর্ডারকে শক্তিশালী করেছে এবং দলকে ফাইনালে ওঠার পথ তৈরি করে দিয়েছে।
এলপিএলের টুর্নামেন্ট সেরা দল ঘোষণার সময় হৃদয়ের পারফরম্যান্সের প্রশংসা করে বলা হয়েছে, শেষ দিকে দলে যোগ দিয়েই তিনি জাফনার হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পাঁচ ইনিংসেই তার ব্যাটিং ছিল আক্রমণাত্মক। মিডল অর্ডারে তার ছোট কিন্তু কার্যকর ইনিংসগুলো দলকে ফাইনালে পৌঁছাতে সহায়তা করেছে।
টুর্নামেন্ট সেরা দলে চ্যাম্পিয়ন গল গ্যালান্টস থেকে রয়েছেন স্যাম হার্পার, চারিথ আসালাঙ্কা ও ইশান মালিঙ্গা। রানার্সআপ জাফনা কিংস থেকে হৃদয়ের পাশাপাশি জায়গা পেয়েছেন লিজাড উইলিয়ামস ও দুনিথ ভেল্লালাগে।
বিজ্ঞাপন
এ ছাড়া ক্যান্ডি রয়্যালসের লাহিরু উদারা ও নুয়ান থুশারা এবং কলম্বো ক্যাপসের কামিন্দু মেন্ডিস ও ওয়ানুজা সহনও টুর্নামেন্টের সেরা দলে জায়গা পেয়েছেন।
সূত্র: এলপিএল








