Logo

সাকিব-হৃদয়কে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

profile picture
ক্রীড়া ডেস্ক
৯ আগস্ট, ২০২৬, ১৪:০৬
সাকিব-হৃদয়কে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস
ছবি: সংগৃহীত

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ফাইনালে জাফনা কিংসকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে গল গ্যালান্টস। লিগ পর্বে শীর্ষে থেকে ফাইনালে ওঠা জাফনা কিংসে ছিলেন বাংলাদেশের সাকিব আল হাসান ও তাওহীদ হৃদয়। তবে শিরোপার লড়াইয়ে ব্যর্থ হয়েছেন তারা। ফলে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে জাফনাকে।

বিজ্ঞাপন

কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে চারিথ আসালাঙ্কা ও এশান মালিঙ্গার দুর্দান্ত বোলিংয়ে জাফনাকে মাত্র ১২৩ রানে অলআউট করে গল। পরে ১৫.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় তারা। জয়ের সময় গলের হাতে ছিল ২৫ বল।

জাফনার ব্যাটিং ধসের অন্যতম প্রধান কারণ ছিলেন এশান মালিঙ্গা। তিনি একাই নেন তিন উইকেট। এ পারফরম্যান্সের মাধ্যমে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারির তালিকার শীর্ষে উঠে আসেন মালিঙ্গা। পুরো আসরে ৯.৩২ ইকোনমিতে তার শিকার ১৭ উইকেট।

চারিথ আসালাঙ্কার সঙ্গে কার্যকর বোলিং জুটি গড়ে জাফনার মিডল অর্ডারে বড় ধস নামান মালিঙ্গা। জাফনার হয়ে একমাত্র কামিল মিশারা ২৫ রানের বেশি করতে পেরেছেন। ৩২ বলে ৪১ রান করে ১৩তম ওভারে মালিঙ্গার বলে আউট হন এই উইকেটকিপার-ওপেনার।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব ও হৃদয়ও ব্যাট হাতে নিজেদের মেলে ধরতে পারেননি। হৃদয় ১০ বলে ১০ রান করেন। অন্যদিকে সাকিবের ব্যাট থেকে আসে ১৩ বলে ৯ রান। জাফনার দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক চামিন্দু বিক্রমেসিংহে ১৬ বলে করেন ২৫ রান।

দুই হাতে স্পিন করতে সক্ষম থারিন্ডু রত্নায়েকে জাফনার আরও দুটি উইকেট তুলে নেন। তিনি খরচ করেন ১৪ রান।

বিজ্ঞাপন

১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই স্যাম হার্পারকে হারায় গল। এরপর টম রজার্সের ২৭ বলে ৩৪ রানের ইনিংসে ঘুরে দাঁড়ায় তারা। নবম ওভারে সাকিব আল হাসান জোড়া আঘাত হেনে রজার্স ও দিনুরা কালুপাহানাকে সাজঘরে ফেরান। কালুপাহানা ১৯ বলে করেন ৩১ রান।

এরপর চামিকা করুণারত্নে আউট হলেও দাসুন শানাকা ও সহান আরাচ্চিগে দায়িত্বশীল ব্যাটিংয়ে গলকে জয়ের কাছাকাছি নিয়ে যান। শেষ পর্যন্ত ১৫.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে প্রথম এলপিএল শিরোপা নিশ্চিত করে গল গ্যালান্টস।

সংক্ষিপ্ত স্কোর:

বিজ্ঞাপন

জাফনা কিংস: ১২৩/১০ (১৯.৩ ওভার)

গল গ্যালান্টস: ১২৬/৫ (১৫.৫ ওভার)

ফলাফল: গল গ্যালান্টস ৫ উইকেটে জয়ী

বিজ্ঞাপন

ম্যাচসেরা: চারিথ আসালাঙ্কা

সিরিজসেরা: কামিল মিশারা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD