Logo

মেসি ছাড়াও আর্জেন্টিনাই থাকবে শীর্ষে: লিওনেল স্কালোনি

profile picture
ক্রীড়া ডেস্ক
৭ অক্টোবর, ২০২৬, ১৬:১১
মেসি ছাড়াও আর্জেন্টিনাই থাকবে শীর্ষে: লিওনেল স্কালোনি
ছবি: সংগৃহীত

লিওনেল মেসি জাতীয় দল থেকে বিদায় নিলেও আর্জেন্টিনা বিশ্ব ফুটবলের শীর্ষ পর্যায়ে নিজেদের অবস্থান ধরে রাখবে বলে বিশ্বাস করেন কোচ লিওনেল স্কালোনি। তবে মেসির অনুপস্থিতি যে দলকে গভীরভাবে অনুভব করতে হবে, সেটিও স্বীকার করেছেন তিনি।

বিজ্ঞাপন

মঙ্গলবার বুয়েন্স আয়ার্সের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলের জার্সিতে শেষবারের মতো মাঠে নামেন ৩৯ বছর বয়সী মেসি। তাকে বিদায় জানাতে ২০২২ বিশ্বকাপজয়ী দলের প্রায় সব সদস্য উপস্থিত ছিলেন। ব্যতিক্রম ছিলেন পাওলো দিবালা, নাহুয়েল মোলিনা ও আলেহান্দ্রো গোমেজ।

দুই দশকের বেশি সময় ধরে আর্জেন্টিনার সবচেয়ে প্রভাবশালী খেলোয়াড়দের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মেসি। জাতীয় দলের হয়ে ২০৮ ম্যাচে ১২৬ গোল করেছেন তিনি—দুটিই আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ। তার নেতৃত্বে ২০২২ বিশ্বকাপ, ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা এবং ২০০৮ অলিম্পিক সোনা জিতেছে আর্জেন্টিনা।

মেসির বিদায়ের পর তার শূন্যতা কীভাবে পূরণ হবে, তা নিয়ে স্বাভাবিকভাবেই আলোচনা শুরু হয়েছে। তবে স্কালোনি মনে করেন, মেসির মতো খেলোয়াড়ের বিকল্প না থাকলেও দল নিজেদের উচ্চতা ধরে রাখতে পারবে।

বিজ্ঞাপন

স্কালোনির ভাষায়, ‘মেসি এমন কিছু রেখে গেছে, যার কোনো তুলনা নেই। আমাদের খেলতে হবে, কিন্তু তাকে মাঠে পাওয়ার যে অনুভূতি, সেটি একেবারেই অনন্য। ফুটবল মাঠে তিনি যা করেন, তা আর কাউকে করতে দেখিনি। সেটিই আমরা সবচেয়ে বেশি মিস করব।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

তবে মেসির বিদায়ের পর আর্জেন্টিনার ভবিষ্যৎ নিয়ে আত্মবিশ্বাসী স্কালোনি। আরও চার বছরের জন্য চুক্তি নবায়নের বিষয়ে আলোচনায় থাকা এই কোচ বলেন, ‘আর্জেন্টিনা জাতীয় দল টিকে থাকবে। আমরা উচ্চ পর্যায়েই থাকব, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই।’

মেসিকে ছাড়া সাম্প্রতিক ম্যাচগুলোতেও আর্জেন্টিনা ইতিবাচক পারফরম্যান্স দেখিয়েছে। বেনিনের বিপক্ষে ম্যাচের আগে বলিভিয়াকে ৪-০ এবং বুরকিনা ফাসোকে ৭-০ গোলে হারিয়েছে তারা। প্রতিপক্ষের শক্তি নিয়ে প্রশ্ন থাকলেও এসব ম্যাচে নতুন প্রজন্মের ফুটবলারদের পারফরম্যান্সে সম্ভাবনার ইঙ্গিত মিলেছে।

বিজ্ঞাপন

এমিলিয়ানো মার্তিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্তিনেজের মতো প্রতিষ্ঠিত তারকাদের সঙ্গে নিকো পাজ, ফ্রাঙ্কো মাসতানতুয়ানো, জিয়ানলুকা প্রেস্তিয়ানি ও লিওনেল ফ্লোরেসের মতো তরুণরাও নজর কেড়েছেন।

তবে মেসির প্রভাব শুধু মাঠের পারফরম্যান্সে সীমাবদ্ধ ছিল না বলে মনে করেন স্কালোনি। সতীর্থদের জন্য তার পেশাদারিত্ব ও পরিশ্রমও ছিল অনুকরণীয়।

স্কালোনি বলেন, ‘এখন শুধু নস্টালজিয়াই থাকবে, কারণ সে আর এখানে থাকবে না। সে অবিশ্বাস্য এক উদাহরণ। সবার আগে অনুশীলনে আসে, সবার শেষে যায়। নিজের যত্ন নেয় এবং প্রতিটি ম্যাচকে যেভাবে নেয়, তা অসাধারণ।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘শুধু সে যেভাবে খেলে তা দেখলেই বোঝা যায়, সে একজন অসাধারণ খেলোয়াড়। কিন্তু তার ভেতরের আরও অনেক বিষয় আছে, যা সতীর্থরা দেখতে পায়। সে হতে পারে সবচেয়ে ভালো উদাহরণ।’

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD