হালান্ডের নামে অন্তর্বাস-এনার্জি ড্রিংকস বিক্রি, আইনি লড়াইয়ে তারকা

বিজ্ঞাপন
ফুটবল মাঠে গোল করে প্রতিপক্ষকে চাপে ফেলেন আর্লিং হালান্ড। এবার নিজের নামের বাণিজ্যিক অধিকার নিয়ে মাঠের বাইরেই আইনি লড়াইয়ে নেমেছেন ম্যানচেস্টার সিটির এই নরওয়েজিয়ান তারকা। প্রতিপক্ষ পোল্যান্ডের এক ইলেকট্রিশিয়ান, যিনি আগেই ‘হালান্ড’ নামটি ট্রেডমার্ক হিসেবে নিবন্ধন করিয়েছিলেন।
ঘটনার সূত্রপাত ২০২৩ সালে। নিজের নামে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) একটি ব্র্যান্ড নিবন্ধনের উদ্যোগ নিতে গিয়ে হালান্ড জানতে পারেন, তাঁর আগেই ‘হালান্ড’ নামের ট্রেডমার্ক নিবন্ধন করেছেন পোলিশ ইলেকট্রিশিয়ান মিশেল ওয়াস। ২০২২ সালে করা ওই নিবন্ধনে ১৬ ধরনের পণ্য অন্তর্ভুক্ত ছিল।
দ্য সান ও ইয়াহু স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, এসব পণ্যের মধ্যে রয়েছে খেলাধুলার পোশাক, ফুটবল বুট, প্রোটিন সাপ্লিমেন্ট, এনার্জি ড্রিংকস, স্পোর্টস ব্যাগ, মদ, দই, খেলনা, এমনকি অন্তর্বাসও।
হালান্ডের আইনজীবীদের অভিযোগ, ফুটবলারের ব্যাপক জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বাণিজ্যিক সুবিধা নেওয়ার উদ্দেশ্যেই তাঁর নামটি ট্রেডমার্ক হিসেবে নিবন্ধন করেছিলেন ওয়াস। তাঁদের দাবি, নামটি নিবন্ধনের সময় পোল্যান্ডেও বেশ পরিচিত ছিলেন হালান্ড।
তবে অভিযোগ অস্বীকার করে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন ওয়াস। তার দাবি, ‘হালান্ড’ নামটি এসেছে ‘হাই অ্যাডভান্সড অ্যাকটিভিটি ল্যান্ড’ শব্দগুচ্ছের সংক্ষিপ্ত রূপ থেকে।
তবে ওয়াসের এই যুক্তিতে সন্তুষ্ট হয়নি ইউরোপীয় ইউনিয়নের মেধাস্বত্ব দপ্তর (ইইউআইপিও)। সংস্থাটির মতে, হালান্ডের খ্যাতি থেকে বাণিজ্যিক সুবিধা নেওয়ার উদ্দেশ্যেই নামটি ব্যবহার করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে ট্রেডমার্কটি বাতিল করা হয়।
তবে ইইউআইপিওর সিদ্ধান্ত মেনে নেননি ওয়াস। গত ২২ জুলাই ইউরোপীয় ইউনিয়নের সাধারণ আদালতে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করেছেন তিনি। এখনো মামলার শুনানির তারিখ নির্ধারিত হয়নি।
ফলে নিজের নামের বাণিজ্যিক অধিকার নিয়ে হালান্ডের এই আইনি লড়াইয়ের চূড়ান্ত ফল জানতে অপেক্ষা করতে হচ্ছে।








