ডেঙ্গুতে আক্রান্ত বাংলাদেশের গতিতারকা নাহিদ রানা

দীর্ঘদিনের চোট কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন বাংলাদেশের গতিতারকা নাহিদ রানা। অস্ট্রেলিয়ায় পুনর্বাসন ও চিকিৎসা শেষে দেশে ফিরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে মাঠে ফেরার সম্ভাবনাও তৈরি হয়েছিল। তবে সেই প্রত্যাবর্তনের অপেক্ষা আরও দীর্ঘ হলো। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এই পেসার। ফলে দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেছেন তিনি।
বিজ্ঞাপন
ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় নাহিদ রানাকে। তাঁর শরীরে ডেঙ্গু শনাক্ত হওয়ার পাশাপাশি রক্তের প্লাটিলেটের মাত্রাও উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে ক্রিকবাজকে বলেন, ‘সে (নাহিদ) এভারকেয়ারে ভর্তি আছে এবং তার ডেঙ্গু শনাক্ত হয়েছে। সুস্থ হতে অন্তত তিন সপ্তাহ লাগবে। কারণ ডেঙ্গু হলে শরীর খুব দুর্বল হয়ে পড়ে।’
নাহিদ রানার জন্য ডেঙ্গুতে আক্রান্ত হওয়া নতুন করে বড় ধাক্কা। এর আগে একের পর এক চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে সাইড স্ট্রেইনের চোটে পড়েন এই পেসার। সেই ইনজুরির কারণে অস্ট্রেলিয়া সফর, এশিয়ান গেমস এবং আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলা হয়নি তাঁর।
পুনর্বাসন চলাকালে নিতম্বের পেশিতেও নতুন করে চোট পান নাহিদ। পরবর্তী সময়ে ল্যাব্রামের সমস্যার কারণে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকেও ছিটকে যান তিনি।
সম্প্রতি অস্ট্রেলিয়ায় পুনর্বাসন ও চিকিৎসা মূল্যায়ন শেষে দেশে ফেরেন এই গতিতারকা। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় জাতীয় দলে ফেরার বিষয়ে আশাবাদী ছিলেন নির্বাচকেরাও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজে তাঁকে না পাওয়া গেলেও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ফেরার সম্ভাবনা ছিল।
কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় সেই সম্ভাবনাও আপাতত শেষ হয়ে গেছে। আগামী ১০ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা রয়েছে। নাহিদকে ছাড়াই এই সিরিজের দলীয় পরিকল্পনা সাজাতে হবে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকে। ফলে চোট কাটিয়ে ফেরার আগেই নতুন শারীরিক জটিলতায় পড়লেন দেশের এই প্রতিশ্রুতিশীল পেসার।








