Logo

ঢাকায় বাড়ছে গরমের তীব্রতা, তাপমাত্রা বাড়তে পারে ২ ডিগ্রি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ এপ্রিল, ২০২৬, ১২:৪৫
ঢাকায় বাড়ছে গরমের তীব্রতা, তাপমাত্রা বাড়তে পারে ২ ডিগ্রি
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় আজ দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা না থাকায় ভ্যাপসা গরমের অনুভূতি আগের তুলনায় আরও তীব্র হতে পারে।

বিজ্ঞাপন

শনিবার (১১ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দুপুর পর্যন্ত রাজধানীতে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, তবে সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্কই থাকবে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, এই সময়ে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দক্ষিণ-পশ্চিম অথবা পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং একই সময়ে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ।

গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

বিজ্ঞাপন

অন্যদিকে, সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় অস্থায়ীভাবে বিদ্যুৎ চমকানোও দেখা যেতে পারে।

গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD